ইউসুফ নামে আবার সুরের দোলা তুলবেন ক্যাট স্টিভেন্স
প্রায় ৩০ বছর পর আবার গানের জগতে ফিরছেন ক্যাট স্টিভেন্স। তবে আর ক্যাট স্টিভেন্স নামে নয়, আসছেন তিনি ইউসুফ ইসলাম নামে।
’৭০ দশকের শেষ দিকেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাম বদলে ফেলেন সাড়া জাগানো এই ব্রিটিশ ফোক সিঙ্গার। ইউসুফ ইসলাম নামেই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন অ্যালবাম।
নতুন অ্যালবামের নামও রয়টার্সকে জানিয়েছেন ইউসুফ: ‘অ্যান আদার কাপ’। আরো বললেন, ‘২৯ বছর আগে অমুসলিম ছিলাম, এখন আমি একজন মুসলমান। কাজেই আমার মাঝে জীবনবোধের একটা পরিবর্তন এসেছে। কিন্তু শ্রোতা হৃদয়কে এখনও সুরের দোলায় মাতিয়ে দিতে পারব বলেই আমার বিশ্বাস।’
‘ওয়াইল্ড ওয়ার্ল্ড’, ‘মুন শ্যাডো’, ‘পিস ট্রেন’-এই অ্যালবামগুলো দিয়ে এক সময় সঙ্গীত পিপাসুদের মনে ঝড় তোলেন ক্যাট স্টিভেন্স। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর গান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।
ধর্মান্তরিত হওয়ায় তাকে সন্দেহের দৃষ্টিতেই দেখার প্রবণতা তৈরি হয় পাশ্চাত্যে। ২০০৪ সালে তাকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দিতেও অস্বীকৃতি জানায় সেদেশের সরকার। কিন্তু তার সৃজনশীলতর স্বীকৃতি না দিয়ে পারেনি অনেকে। গত বছর অনারারি ডক্টরেট ডিগ্রি দেয় ব্রিটেনের ইউনিভার্সিটি অফ গ্লুচেস্টারশায়ার।
৫৮ বছর বয়সী এ সঙ্গীত তারকা অ্যালবাম প্রকাশের জন্য আগামী মাসেই যুক্তরাষ্ট্র যাবেন বলে জানিয়েছেন। এবার সবকিছু ঠিকঠাক আছে, যুক্তরাষ্টে ঢোকার ক্ষেত্রে আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না বলেই আশা করেন তিনি।
অ্যালবাম প্রকাশের ব্যস্ততা ছাড়াও ১১ ডিসেম্বর অসলোয় নোবেল পুরস্কার বিতরণীর সময় নোবেল পিস প্রাইজ কনসার্টে গান গাইবার কথাও রয়েছে ইউসুফ ইসলামের। ওই অনুষ্ঠানে নোবেল পুরস্কার গ্রহণ করবেন এ বছর শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস।
