বুশ-মালিকি বৈঠক আগামী সপ্তাহে
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সাথে সাক্ষাৎ করবেন। জর্ডানে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো মঙ্গলবার এ কথা জানান।
টনি জানান লাটভিয়ার রিগায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলন শেষে বুশ আম্মানে যাবেন। নভেম্বরের ২৯ ও ৩০ তারিখে তিনি ‘ইরাকে নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীল অবস্থা গড়ে তোলা’ বিষয়ে মালিকির সাথে আলোচনা করবেন।
ইরাকের বর্তমান অবস্থা, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ‘উচ্চ পর্যায়ের যৌথ কমিটি’তে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তার অগ্রগতি এবং কিভাবে দেশটিকে সহায়তা করা যায়-এসব বিষয়েও দু’নেতার মধ্যে আলোচনা হবে তিনি জানান।
প্রসঙ্গত, ইরাকের বর্তমান ভয়াবহ পরিস্থিতি বুশ ও মালিকিকে আলোচনায় বসতে বাধ্য করেছে। দেশটির ব্যাপারে অসন্তোষের কারণেই এ মাসের নির্বাচনে বুশের রিপাবলিকান দলের ভরাডুবি ঘটেছে।
এদিকে এ সপ্তাহের শেষে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাথে সাক্ষাৎ করতে ইরাকী প্রেসিডেন্ট জালাল তালাবানি তেহরান যাবেন।
