নেপালে সরকার ও মাওবাদীদের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি
নেপালের বহুদলীয় সরকার এবং মাওবাদী গেরিলারা একদশক ধরে চলা গৃহযুদ্ধের অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মঙ্গলবার এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এই গৃহযুদ্ধে নিহত হয়েছে ১৩ হাজারেরও বেশি লোক।
অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং মাওবাদী বিদ্রোহীদের নেতা প্রচন্ড চুক্তিতে স্বাক্ষর করেন।
এ বছর এপ্রিলে প্রচন্ড গণবিক্ষোভ এবং আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্রর ক্ষমতা খর্ব হওয়ার পর প্রায় সাত মাস ধারাবাহিক আলোচনার পথ ধরে সরকার এবং গেরিলারা একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে সফল হল।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার পক্ষের প্রধান আলোচনাকারী কৃষ্ণ প্রসাদ সিতিউলা বলেন, “আমরা আশা করি, এই আনুষ্ঠানিক শান্তি চুক্তি দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনবে।”
চুক্তি অনুযায়ী মাওবাদীরা অস্ত্রবিরতি বজায় রাখবে এবং জাতিসংঘের নজরদারিতে নিদৃষ্ট ক্যাম্পে অবস্থান করবে। পাশাপাশি বিদ্রোহীরা অন্তর্বতী সরকারেও যোগ দেবে। এই সরকার নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন করে দেশটির জন্য নতুন সংবিধান প্রণয়ন করবে। নতুন পার্লামেন্ট রাজতন্ত্রের ভবিষ্যতও নির্ধারণ করবে।
নেপালের ২০০ বছরেরও পুরোনো রাজতন্ত্রের অবসানের জন্য বছরের পর বছর বিদ্রোহী তৎপরতা চালিয়ে গেছে মাওবাদী গেরিলারা। মঙ্গলবার সম্পাদিত এই চুক্তির বিভিন্ন শর্তে মাওবাদীরা সন্তোষ প্রকাশ করে বলেছে, অদূর ভবিষ্যতে নেপালে আনুষ্ঠানিক রাজতন্ত্র থাকবে কিনা সে বিষয়ে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে প্রস্তুত রয়েছে তারা।
