সিরিয়ার সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্কের পথে ইরাক
ইরাক এ সপ্তাহেই সিরিয়ার সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে।
ইরাকে চলমান সহিংসতা কমিয়ে আনতে সফররত সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার প্রতিশ্রুতির পর এ ঘোষণা দিয়েছে দেশটি। ইরাক সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাগ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে সোমবার একথা জানান।
এর আগে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে দেখা করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেম বলেন, ইরাকের সহিংসতা কমিয়ে আনা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হাতে হাত রেখে কাজ করতে চায় সিরিয়া। ইরাকের স্থিতিশীলতা সিরিয়ার স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রায় সিকি শতাব্দী আগে, ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে সিরিয়া ইরানের পক্ষাবলম্বন করায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় দু’দেশের। ১৯৯০ সালে তাদের মধ্যে আংশিক সস্পর্ক স্থাপিত হয়।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসন শুরুর পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেমের এ সফরই দেশটিতে এ মাপের কোন আরব কর্মকর্তার প্রথম সফর। ইরাকে জঙ্গিদের অনুপ্রবেশ এবং মদদদানের অভিযোগে বরাবরই সিরিয়াকে দোষারোপ করে আসছে ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর প্রায় ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে প্রতিবেশী সিরিয়ায়।
সিরিয়ার সঙ্গে ইরাকের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র মেজর জেনারেল উইলিয়াম কাল্ডওয়েল বলেছেন, আমরা জানিনা জঙ্গিতৎপরতায় তারা কতোটা মদদ দিয়েছিল। আমরা এটাও জানিনা যে, ওই তৎপরতা বন্ধেই বা তারা কতোদূর কি করবে।
