২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-চীন সীমান্ত বিরোধের ক্রমপঞ্জি

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পরষ্পরের আস্থা অর্জন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে হু’র এ চারদিনের এ ভারত সফরে অন্যান্য ইস্যুর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দু’দেশের সীমান্ত বিরোধের বিষয়টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অমীমাংসিত সীমান্ত নিয়ে দশকের পর দশক ধরে বিরোধ চলেছে এ দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে। ভারত-চীন সীমান্ত বিরোধের অন্যতম বড় ইস্যুগুলো হল:

- এশিয়ার এ দুই বৃহদায়তন পরাশক্তি হিমালয় অঞ্চলে তাদের ৩,৫০০ কিলোমিটার সীমান্তে পরষ্পরের বিস্তীর্ণ ভূখন্ডের ওপর নিজের দাবি জানিয়ে আসছে। তবে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধের পর থেকে মোটামুটিভাবে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে সীমান্ত পরিস্থিতি।

- ভারত-চীন সীমান্ত কখনোই চিহ্নিত করা হয়নি। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ শাসকরা হিমালয়ের দুর্গম অঞ্চলের সীমান্ত নিয়ে মোটেও মাথা ঘামাননি। আর স্বাধীনতার পর ভারত-চীন সীমান্ত ইস্যুতে কখনোই একমত হতে পারেনি।

- ১৯৬২ সালে পশ্চিম সীমান্তের আকসাই চিন মালভূমি অঞ্চলে ৩৮,০০০ বর্গ কিলোমিটার ভুখন্ড দখল করে নেয় চীন। ওই অঞ্চল দিয়ে তিব্বতর পর্যন্ত রাস্তা বানায় চীন। এ ইস্যুতে ’৬২ সালেই হয় চীন-ভারতের সীমান্ত যুদ্ধ।

- ভারত দাবি করে উত্তর কাস্মীরের ৫,১৮০ কিলোমিটার ‘ভারতীয় ভূখন্ড’ অবৈধভাবে দখল করে রেখেছে চীন। ১৯৬৩ সালে পাকিস্তানের দখলে থাকা এ ভূখন্ডের স্বত্ব চীনের কাছে সমর্পন করে দেশটি।

- সীমান্তের পূর্ব অংশে ভারতের অরুণাচল প্রদেশের ৯০ হাজার বর্গ কিলোমিটার ভূখন্ডের ওপর নিজের মালিকানা দাবি করে আসছে চীন।

সীমান্ত বিরোধের ক্রমপঞ্জি:

-১৯৫৪ সালে তিব্বতের ওপর চীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় ভারত। একইসঙ্গে ৫টি মূলনীতির ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি স্বাক্ষর করে ভারত ও চীন।

-১৯৫৬ সালে ‘আকসাই চিন’ মালভূমির ওপর দিয়ে তিব্বত পর্যন্ত রাস্তা বানানোর কাজ শুরু করে চীন। দু’বছর পর ওই অঞ্চল নিজের ভূখন্ড হিসেবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করে চীন। ভারত এর তীব্র প্রতিবাদ জানায়।

-১৬৫৯ সালে তিব্বতের ধর্মগুরু দালাই লামা ভারতে পালিয়ে আসলে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় দেশটি। এতে ক্ষুব্ধ হয় চীন।

-১৯৬২ সালে আকসাই চিন এবং অরুণাচল প্রদেশ সীমান্তে যুদ্ধ শুরু হয় দু’পক্ষের মধ্যে। যুদ্ধবিরতি স্বাক্ষর করে অরুণাচল প্রদেশকে ভাগ করা ম্যাকমহন লাইন মেনে নিয়ে সেনা সরিয়ে নেয় চীন। ম্যাকমহন লাইনটি ‘লাইন অফ একচুয়াল কন্ট্রোল’ বা আসল নিয়ন্ত্রণ রেখা হিসেবে পরিচিতি পায়।

-১৯৮১ থেকে ’৮৭ সাল পর্যন্ত চীন-ভারতের আট দফা সীমান্ত আলোচনা কোন সমঝোতা ছাড়াই শেষ হয়।

-১৯৮৬ সালে চীনের প্রবল প্রতিবাদের মুখে অরুণাচল প্রদেশকে একটি পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা করে ভারত।

-১৯৯৩ ও ১৯৯৬ সালে ‘ম্যাকমহন লাইন’ মেনে চলা এবং সেখান থেকে সেনা কমানোর সমঝোতায় পৌঁছে দু'দেশ।

-২০০৩ সালে সীমান্ত বিরোধগুলো চিহ্নিত করতে বিশেষ দূত নিয়োগ করে দু'দেশ।

-২০০৫ সালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে একটি নীতিনির্ধারণ সমঝোতায় স্বাক্ষর করেন। সিকিমকে ভারতের রাজ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় চীন।