২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিচার ন্যায়সঙ্গত হয়নি: হিউমেন রাইটস ওয়াচ

সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার প্রক্রিয়া নিয়ে আবারো প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস ওয়াচ। সম্প্রতি ইরাকের একটি বিশেষ ট্রাইব্যুনাল দুজাইলে গণহত্যার দায়ে সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রায় ও আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে হিউমেন রাইটস ওয়াচ তাদের রিপোর্টে বলেছে, সাদ্দাম হোসেনের বিচার প্রক্রিয়া ন্যায় সঙ্গতভাবে হয়নি। ৯৭ পৃষ্ঠার ওই রিপোর্টে এ বিচার প্রক্রিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কুখ্যাত ন্যুরেমবার্গ ট্রায়ালের সঙ্গেও তুলনা করা হয়।

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলে, সাদ্দামের বিচার প্রক্রিয়ায় এমন অনেক ত্রুটি ছিল যার ফলে এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। একই সঙ্গে এতে ইরাকি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা। রিপোর্টে বলা হয়, বিচার প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে করার মাধ্যমে ইরাকিদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতের একটা সুযোগ ছিল। কিন্তু একটি অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

রিপোর্টটি তৈরি করার জন্য ট্রাইব্যুনালের বেশ কয়েকজন বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হিউমেন রাইটস ওয়াচ। বিচার প্রক্রিয়াকে ইরাকি সরকার প্রভাবিত করেছেন-এমন অভিযোগও বিচারকদের মধ্য থেকে এসেছে বলে মানবাধিকার সংগঠনটিকে জানায়। এক বিচারক সংগঠনটিকে বলেন, ব্যাপারটি ছিল এমন যে, সরকার যেমন চাইছে তেমন রায়ই দিতে হবে।

এ ধরনের একটি জটিল বিচার কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাবের দিকটি তুলে ধরে পরবর্তীকালে এর সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করার জন্য রিপোর্টে ইরাকি সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তাছাড়া শুনানিতে বিচারকদের অনুপস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে হিউমেন রাইটস ওয়াচ।

রিপোর্টে বিচারক রউফ আবদেল রহমানের সমালোচনা করে বলা হয়, শুনানি চলাকালে প্রায়ই মেজাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। একই সঙ্গে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তিনি আসামি পক্ষের আইনজীবীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন।

এ ছাড়া আসামি পক্ষের আইনজীবীদের নিরাপত্তা বিধানে উদাসীনতার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়।