২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা জ্ঞানেন্দ্রর শাস্তি দাবি করেছে নেপালি প্যানেল

রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনরত গণতন্ত্রকামী জনতার ওপর গুলিবর্ষণ এবং তাদের হত্যার অভিযোগ এনে রাজা জ্ঞানেন্দ্রর শাস্তি দাবি করেছে নেপালের একটি বিশেষ প্যানেল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোমবার প্যানেলের সদস্যরা একথা জানান।

প্যানেলটি মূলত বিশেষ আদালত হিসেবে কাজ করছে।

এ বছর এপ্রিলে রাজতন্ত্রের পতন ঘটাতে গণবিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ এবং এতে কয়েকজন নিহত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে ওই প্যানেল।

নেপাল সরকারের হিসেব অনুযায়ী ওই সময় ২২ জন সাধারণ নাগরিক নিহত এবং পাঁচ হাজার আহত হয়।

তবে বিশেষ প্যানেল জানিয়েছে, আহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে যেতে পারে।

“নেপাল সরকরের উচিৎ এসব অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। আর তার জন্য যদি প্রচলিত আইনে পরিবর্তন আনতে হয় তাহলে সে বিষয়েও জরুরি পদক্ষেপ নেওয়া দরকার সরকারের,” বলেন বিশেষ আদালতের এক সদস্য হরিহর বিরহী।

গণআন্দোলনের মুখে এপ্রিল মাসে নেপালের রাজা জ্ঞানেন্দ্রর ক্ষমতা খর্ব করা হয়। দেশটির ইতিহাসে এ ধরনের ঘটনা এটাই প্রথম। নেপালে প্রচলিত প্রথা অনুযায়ী দেশটির রাজাদের ঈশ্বরতুল্য মনে করা হয়।

বিশেষ ওই প্যানেলটি তদন্ত শেষে নেপালের রাজা জ্ঞানেন্দ্রসহ আরও ২০১ জন রাজনীতিবিদ, রাজতন্ত্রবাদী মন্ত্রী, আমলা, সেনা ও পুলিশ অফিসারকে মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তাদের শাস্তি দাবি করে।