২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বুশের তাগিদ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি আরো বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুশ। হ্যানয়ে রোববার চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। তবে হু জিনতাও দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এপেক সম্মেলনের ফাঁকে হু জিনতায়ের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট বুশ। বৈঠকে বুশ দুই দেশের বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সংক্রান্ত বাধা দূর করতে আমাদের আরো সক্রিয় হতে হবে। চীনকে ভোক্তা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে হু জিনতাওয়ের প্রচেষ্টার প্রশংসা করে প্রেসিডেন্ট বুশ বলেন, আমি আশা করি এর ফলে পণ্য উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে। বৈঠককালে চীনকে একটি ভোক্তা রাষ্ট্র হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন বুশ।

চীন যেন যুক্তরাষ্ট্র থেকে আরো পণ্য আমদানি করে সে জন্য দেশে উৎপাদনকারী সংস্থাগুলো প্রেসিডেন্ট বুশকে চাপ দিয়ে আসছে।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৬ হাজার ৬ শ ৩০ কোটি ডলার। বছর শেষে এ পরিমাণ গত বছরের ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে হু জিনতাও বলেন, বাণিজ্যের ক্ষেত্রে যে দুই দেশের বন্ধন ক্রমেই জোরালো হচ্ছে তার প্রকাশ যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানেই দেখা যাচ্ছে।