জঙ্গি দমন ও গোয়েন্দা ইস্যুতে পাকিস্তানে ব্লেয়ার
তালেবানদের পুনরুত্থান দমন, সন্ত্রাস মোকাবেলায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এবং পাকিস্তানের মাদ্রাসাগুলিতে সশস্ত্র তৎপরতা বন্ধে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করতে শনিবার পাকিস্তানে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ব্লেয়ারের মুখপাত্র জানান, সন্ত্রাস মোকাবেলায় ঘনিষ্ঠ গোয়েন্দা সম্পর্ক গড়ে তুলতে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে পাকিস্তান ও ব্রিটেন। পাকিস্তানের জন্য উন্নয়ন সাহায্য বাড়িয়ে দ্বিগুণ করা হবে বলেও জানান তিনি। ইসলামী জঙ্গিবাদ ঠেকাতে উদারপন্থী মুসলিম স্কুলগুলিতে ওই অর্থ ব্যয় করা হবে।
ব্রিটেনের সরকারি সূত্র বলেছে, আফগানিস্তান ও তালেবান ইস্যুতে পারভেজ মোশাররফ এবং পাকিস্তান সরকারকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই আমরা। এটা শুধু এজন্য নয় যে তালেবানরা ব্রিটিশ সেনাদের হত্যা করছে কিংবা সাধারণ আফগানদের হত্যা করছে। বরং তালেবানদের তৎপরতা যে পাকিস্তানের নিজের জন্যও হুমকি– দেশটির কাছে সে বার্তা পৌছে দেওয়াও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
