২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেয়ারের পক্ষে স্বদেশী আম্পায়ারদের খোলা চিঠি

অস্ট্রেলিয়ার ক্রিকেট আম্পায়ার ডেরেল হেয়ারের পক্ষে দাঁড়িয়েছেন তার স্বদেশী আম্পায়াররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 03:38 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আইসিসির কাছে এক খোলা চিঠিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট আম্পায়ার অ্যান্ড সকার অ্যাসোসিয়েশন (এনএসডাব্লিওসিইউএসএ) বলেছে, হেয়ারকে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারদের এলিট প্যানেল থেকে বাদ দেয়ার আইসিসির সিদ্ধান্তটি অন্যায্য।

চিঠিটি সিডনির একটি পত্রিকায় পুরো পাতা জুড়ে বিজ্ঞাপন হিসেবে ছাপানো হয়। এতে বলা হয়, ডেরেল হেয়ারের বিষয়ে আইসিসির সিদ্ধান্তটি সঠিকভাবে নেয়া হয়নি। পাকিস্তানের অভিযোগটি ঠিকভাবে যাচাই না করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হেয়ার ইস্যুতে সিদ্ধান্তের বিষয়ে গত সপ্তাহে আইসিসির কাছে ব্যাখ্যা দাবি করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। বোর্ডের নির্বাহী প্রধান জেমস সাদারল্যান্ড বলেন, আইসিসির সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বকে দুই ভাগ করে দিয়েছে। এর ফলে আম্পায়ারদের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। তাই দ্রুতই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এরই মধ্যে ক্রিকেটের বাইবেল বলে খ্যাত উইজডনের এক জরিপে পাঠকরা বিশ্বের দ্বিতীয় সেরা আম্পায়ার হিসেবে ডেরেল হেয়ারকে নির্বাচিত করে।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসিতে ৭-৩ ভোটে হেয়ারকে আম্পয়ারদের এলিট প্যানেল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।