২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষণিকের জন্য দুঃস্বপ্নের অতীতে বুশ

একটি ভাঙ্গা হেলমেট, একটি জীর্ণ মেশিন গান, ক্ষয়ে যাওয়া একটি বুট, কিছু প্লাস্টার-এসব দেখে ক্ষণিকের জন্য হলেও মার্কিনিদের সেই দুঃস্বপ্নের অতীতে শনিবার ফিরে গিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 02:56 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ভিয়েতনাম যুদ্ধে পর্যুদস্ত হওয়ার স্মৃতি এখনো তাড়া করে ফেরে মার্কিনিদের। আর মার্কিন প্রেসিডেন্ট বুশ এপেক সম্মেলনে যোগ দিতে এখন হ্যানয়ে। সফরের দ্বিতীয় দিনে তিনি পরিদর্শন করেন মার্কিন মিশন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিরূপণে যে মিশন কাজ করছে।

সেই যুদ্ধের পর দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ভিয়েতনাম সফরে রয়েছেন প্রেসিডেন্ট বুশ। এর আগে বিল ক্লিনটন ২০০০ সালে গিয়েছিলেন দেশটিতে।

ভিয়েতনাম যুদ্ধে ৫৮ হাজার মার্কিন সেনা প্রাণ হারায়। নিহত ভিয়েতনামির সংখ্যা তার চেয়ে অনেক বেশি, প্রায় ৩ লাখ। ১৫ শ’ মার্কিন সেনার কোনো সন্ধান পাওয়া যায়নি আজ পর্যন্ত। মূলত এ বিষয়টি নিয়েই ভিয়েতনামে কাজ করছে মার্কিন মিশন। এক্ষেত্রে ভিয়েতনাম সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ জন্য ভিয়েতনাম সরকারের প্রতি প্রেসিডেন্ট বুশ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো।

তবে আমেরিকান মিশনে গিয়ে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে চাওয়ার আকাক্সক্ষারই প্রকাশ ঘটেছে বুশের কথাবার্তায়। তাই তো ভিয়েতনামের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টিই এসেছে ঘুরে ফিরে। কাজটি শুরু করেছিলেন বিল ক্লিনটন। তার সফরের পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে থাকে।

আগের সফরে ক্লিনটন যুদ্ধকালে বিধ্বস্ত একটি মার্কিন বিমানের পাইলটের অনুসন্ধানে যেখানে কাজ চলছিল সে স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সে যুদ্ধে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত একদল ভিয়েতনামি শিশুর খোঁজ খবরও নেন ক্লিনটন।

নতুন সম্পর্কের লক্ষ্যে বুশ ভিয়েতনাম এসেছেন। কিন্তু দেশটির যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই দেখতে হচ্ছে তার দেশের এক সময়ের ঘোরতর শত্রু হো চি মিনকে। এমনকি হ্যানয়ে মার্কিন মিশন থেকে যখন বুশ বের হচ্ছিলেন, তখনও তাকে হো চি মিনের নামে স্থাপিত মন্দিরের পাশ দিয়েই যেতে হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে শত্রু হিসেবে চিহ্নিত হলেও নিজ দেশে এই বিপ্লবী নেতা দেবতুল্য আসনেই প্রতিষ্ঠিত।

ফলে প্রকাশ ভঙ্গীতে যাই থাকুক না কেন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিনিদের যে অভিজ্ঞতা তা ভুলে থাকা প্রেসিডেন্ট বুশের জন্য বেশ কষ্টকরই।