উত্তর কোরিয়ার বিরুদ্ধে বুশকে সউলের সহযোগিতার প্রতিশ্রুতি
উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
তবে উত্তর কোরিয়ার সন্দেহভাজন অস্ত্রবাহী নৌযানের ওপর হামলা চালাতে মার্কিন বিমানের সাথে যোগ দিতে রাজি হয়নি তারা।
অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়া দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন বলেন, “আমরা এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছি যে, উত্তর কোরিয়ার উচিত তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা ও এ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা। এছাড়া নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা ১৭১৮ নম্বর প্রস্তাবনার দেয় নিষেধাজ্ঞা আমরা পূর্ণ সমর্থন করি এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের দুই দেশ দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, “যদিও উত্তর কোরিয়া এই প্রস্তবনার পূর্ণ সুযোগ নিচ্ছে না, তারপরও আমরা এর মূল বিষয়গুলোর সাথে একমত পোষণ করি এবং এ অঞ্চলে ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যোগান বন্ধে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”
বুশ বলেন, “আমি ও রোহ বিশ্ববাসীর ইচ্ছা যথাযথভাবে পূরণে নিজেদের সদিচ্ছার কথা পরস্পরকে জানিয়েছি।”
উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও চাপ সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
তবে বুশ আবারও বলেন, তিনি মনে করেন উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
উত্তর কোরিয়া গত ৯ অক্টোবর পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র দেশটির ওই কার্যক্রম বন্ধের বিনিময়ে পারস্পরিক নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা প্রস্তাব দেওয়া ছাড়াও নতুন করে অর্থনৈতিক সহযোগিতা দানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
তবে উত্তর কোরিয়া এখনও এ ব্যাপারে তাদের মতামত জানায়নি।
