সিয়াচেন থেকে ভারতীয় সেনা সরানোর আহ্বান পাকিস্তানের
উত্তর কাশ্মীরের সিয়াচেন হিমবাহ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানালেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান।
দেশটির কর্মকর্তারা সিয়াচেন নিয়ে একটি অন্তর্বর্তী সমাধানের কথা বলার একদিন পর ব্রাসেলসে এ আহ্বান জানান তিনি। পাকিস্তানিরা ভারতের অবস্থান স্বীকার করে না নেওয়া পর্যন্ত সেখান থেকে সেনা প্রত্যাহারের কথা বরাবরই নাকচ করে আসছে ভারত।
এর আগে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান বলেছিলেন একটি অন্তর্বর্তী সমাধান হিসেবে ভারতের সেনা অবস্থান মেনে নিতে পারে পাকিস্তান। কিন্তু তা কোনভাবেই স্থায়ী কিছু নয় কিংবা সিয়াচেন হিমবাহের উপর ভারতীয়দের দাবির প্রতিষ্ঠা নয়। একইদিনে ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন বলেছেন, সিয়াচেন নিয়ে এখনও অনেক বিরোধ রয়ে গেছে তাই এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল এহসান উল-হক ব্রাসেলস সফরকালে ওই আহ্বান জানান। তিনি বলেন, সিয়াচেনে আমাদের কিছু করার নেই। ভারতীয়রা সেখানে দখলদার অবস্থানে আছে, কিছু করতে হলে তাদেরকেই করতে হবে। কাশ্মীরে জিহাদিদের অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমন কোন ঘটনা সেখানে ঘটছে না। ভারতীয়দের এটা একপেশে দাবি।
পৃথিবীর সবচেয়ে উঁচু এ হিমবাহে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ভারত পাকিস্তান দু পক্ষের হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। এখানে লড়াইয়ের চেয়ে প্রতিকূল আবহাওয়ার কারণেই সেনাদের মৃত্যুর সংখ্যা বেশি।
