ইরাকে ৫ বিদেশি নাগরিক জিম্মি
দক্ষিণ ইরাকের সাফায় আমেরিকার চার ও অস্ট্রিয়ার এক নাগরিককে জিম্মি করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
বৃহষ্পতিবার বসরাগামী একটি বেসামরিক ট্রাক অপহরণ করার সময় তাদের জিম্মি করা হয় বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
তাদের খুঁজে বের করার জন্য বসরার কয়েকটি অঞ্চল ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেখানে অবস্থানরত বৃটিশ সেনাবাহিনী।
কুয়েত সীমান্ত পার হয়ে ইরাকে প্রবেশের পর সাফার ২৪ কি.মি. দূর থেকে বেশ কয়েকজন বেসামরিক ইরাকিসহ ওই ট্রাকটি অপহরণ করে বন্দুকধারীরা।
আমেরিকার চার ও অস্ট্রিয়ার এক নাগরিক ওই ট্রাকটি পাহারার দায়িত্বে নিযুক্ত ছিল বলে দাবি করেছে তাদের চাকরিদাতা ক্রিসেন্ট সিকিউরিটি গ্রুপ নামের একটি কুয়েতি নিরাপত্তা সংস্থা। আমেরিকার অপহৃত এক নাগরিক নিরাপত্তা ঠিকাদারের কাজ করতেন।
তার ভাই একটি পত্রিকাকে জানান, ইরাকে অবস্থানরত আমেরিকার কর্মকর্তারা তাদের পরিবারকে জানিয়েছে, ওই ঘটনায় দুপক্ষের গুলি বিনিময়ের পর তাদেরকে জিম্মি করা হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তবে বসরার বৃটিশ বাহিনী এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
