সুখী মানুষ ঠাণ্ডাজনিত শারীরিক সমস্যায় কম ভোগেন
ঠাণ্ডা বা শীতকে সাদরে গ্রহণ করলে শীত আপনার জন্য কম শারীরিক অসুবিধা বয়ে আনবে-এক নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
‘সাইকোসোমেটিক মেডিসিন’ নামের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় শীতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে জীবন। ঠাণ্ডার কারণে যারা কষ্ট পান, ঘন ঘন শারীরিক অসুস্থতায় ভোগেন তারা যদি শীতকে সহজে ও আনন্দের সাথে গ্রহণ করতে পারেন, তাহলে ঠাণ্ডাজনিত যেকোন শারিরীক অসুস্থতা তারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন।
গবেষকরা বলছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং হাসিখুশী ও প্রশান্ত মনোভাব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ড. শেলডন কোহেন বলেন, যেসব মানুষ শীতে নানা ধরনের শারীরিক অসুস্থতা, যেমন-সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভোগা, শীতের প্রতি ভীতিহীন ইতিবাচক দৃষ্টিভঙ্গী তাদের সেসব সমস্যা কমিয়ে দেয়। এর ফলে ঠাণ্ডাজনিত অসুখে কম ভোগেন তারা। আর কখনো অসুস্থ হয়ে পড়লেও তারা নিজেদের অসুস্থতাকে কম গুরুত্ব দেন। ফলে দ্রুত সেরে ওঠেন।
নতুন এ জরিপে অংশ নেন ১৯৩ জন স্বেচ্ছাসেবী। তাদের ব্যক্তিত্ব, আচার-আচরণ, স্বাস্থ্য এবং মানসিক দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে যারা সহজাতভাবে প্রাণবন্ত, উদ্যোমী, পরিশ্রমী এবং কোনোকিছু সহজভাবে গ্রহণ করার ক্ষমতা রাখেন জীবনের প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে ধরে নেওয়া হয়।
আর যারা অসুখী, শীতল এবং জীবনের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখেন তাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক ধরে নিয়ে স্বেচ্ছাসেবীদের দুটো দলে ভাগ করে নেন গবেষকরা।
এরপর তাদের প্রত্যেককেই নাক দিয়ে নিতে হয় এমন এক ধরনের ড্রপ দেওয়া হয়। এ ড্রপ নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে স্বেচ্ছাসেবীরা তাদের শারীরিক অসুবিধা যেমন-মাথা ব্যথা, সর্দি, বুকে কফ জমা, শ্বাস কষ্ট ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার কথা জানাতে থাকেন।
কোহেন ও তার সহকর্মীরা প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখেন যে, যারা মানসিকভাবে সুখী ও প্রফুল্ল এই ড্রপ নেওয়ার পরও ঠাণ্ডা তাদের আক্রমণ করতে পারেনি। কিংবা করলেও কম করেছে।
