প্রথমবার ভিয়েতনাম সফরে গেলেন বুশ
ভিয়েতনামে ২১ জাতির অ্যাপেক সম্মেলনে যোগ দিতে শুক্রবার হ্যানয় পৌঁছেছেন মার্কিন পেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
বুশ হলেন ভিয়েতনাম যুদ্ধের ৩০ বছর পর হ্যানয় সফরকারী দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট।
এ সফরের সময় বুশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
তার এই সফর যুদ্ধের ভয়াবহতা ভুলে পারস্পরিক সম্পর্কোন্নয়নে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
তিরিশ বছর পরও অনেক মার্কিনির কাছে ওই যুদ্ধের স্মৃতি মানসিক যন্ত্রণার কারণ হয়ে আছে।
হ্যানয় পৌঁছানোর পর তার মোটর শোভাযাত্রার পথের দুপাশে হাজার হাজার ভিয়েতনামি সারি বেঁধে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। তবে এদের মধ্যে মিশ্র অনুভূতি লক্ষ্য করা গেছে। এদের কেউ হাসছিলেন, কেউ বা ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে ছিলেন, কেউবা সাইকেল-মোটর সাইকেল চালানো বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে যান।
ভিয়েতনাম পৌঁছে মধ্যাহ্ন ভোজনের পরই বুশ ব্যস্ত হয়ে পড়েন। তিনি ইতোমধ্যে হ্যানয়ে অবস্থানকারী ঘণিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সাথে উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন।
সেখানে তার রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরীয় নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে।
উত্তর কোরিয়াকে তার পরমাণু সম্পর্কিত প্রযুক্তি রপ্তানী বন্ধে দক্ষিণ কোরিয়া তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা সে প্রশ্নের জবাবে বুশের সফরসঙ্গী হোয়াইুট হাউসের মুখপাত্র টনি স্নো বলেন, “আমাকে বিষয়টি এভাবে ব্যাখ্যা করতে দিন, আমরা আশা করি প্রতিটি পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭১৮ নম্বর প্রস্তাবনা মেনে চলবে।”
গত মাসে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর পর অনুমোদিত ওই প্রস্তাবনায় দেশটির পরমাণু প্রযুক্তি অথবা এ সংক্রান্ত পণ্য রপ্তানীর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
