২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০ সম্মেলন ঘিরে মেলবোর্নে কঠোর নিরাপত্তা

জি-২০ সম্মেলন ঘিরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্বায়নবিরোধীদের ঠেকাতে পুলিশ এখন থেকেই শহরের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ফোরাম জি-২০ এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শনিবার শুরু হচ্ছে মেলবোর্নে। এবারের আলোচনায় বিশ্বের জ্বালানি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনার জট ছাড়ানো ও বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি আইএমএফের সংস্কার নিয়ে আলোচনাও স্থান পাবে বৈঠকে।

জি-২০ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত অস্ট্রেলিয়া শিল্প কাঁচামালের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষযে জোর দেবে বৈঠকে। এতে কানাডাও সমর্থন জানাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আইএমএফ সংস্কারের দাবিও আসছে বিভিন্ন দেশ থেকে। ভারতের অর্থমন্ত্রী চিদাম্বরম বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, আইএমএফের ভোটাধিকার অবশ্যই বর্তমান বিশ্ব অর্থনৈতিক বাস্তবতার নিরিখে হওয়া উচিত। বর্তমান úদ্ধতিতে আমরা ভাবতেই পারি, আমাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না।

এছাড়া আলোচনায় মুদ্রা বাজারে অসাম্যের বিষয়টিও উঠতে পারে।

২০০০ সালে মেলবোর্নে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক বিশ্বায়নবিরোধীদের প্রবল বাধার সম্মুখীন হয়। সে অভিজ্ঞতার আলোকে এবার নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার থেকেই অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সম্মেলনের মূল ভেন্যু গ্র্যান্ড হায়াত হোটেল কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। হোটেলের আশপাশের রাস্তাগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

মেলবোর্নের পুলিশ সুপারিটেন্ডেন্ট মিক উইলিয়ামস বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বিন্দুমাত্র দেরি করবে না।

এদিকে বিক্ষোভ আহ্বানকারী ‘স্টপ জি-২০’ এর মুখপাত্র মার্কাস গ্রেভিল আশা প্রকাশ করেছেন, শনিবার তাদের বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেবে। তবে তারা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান।