সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ জর্জ ক্লুনি
হলিউড স্টার জর্জ ক্লুনির বৃহস্পতি এখন তুঙ্গে। গত অস্কারে তিন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। এরমধ্যে ‘সিরিয়ানা’য় সিআইএ এজেন্টের চরিত্রে অসাধারণ অভিনয় এনে দেয় অস্কার।
এরপর এখন পিপল ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময় পুরুষেরও খেতাব পেলেন তিনি।
১৯৯৭ সালেও পিপল ম্যাগাজিনের রায়ে আরেকবার ওই খেতাব লাভ করেন জর্জ ক্লুনি। এবার নিয়ে হল দুই বার । এর সঙ্গে সঙ্গে বন্ধু ব্রাড পিটের সমকক্ষতা অর্জন করলেন ক্লুনি। হলিউড স্টার ব্রাড পিটও ১৯৯৫ ও ২০০০ সালে দুই বার এ খেতাব জেতেন।
জর্জ ক্লুনিকে নির্বাচন করা প্রসঙ্গে ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের অন্যতম সিনথিয়া ক্রুজ বললেন, আসলে কাজের বহুমাত্রিকতার জন্যই এ বছর ক্লুনিকে বেছে নেয়া হয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সমাজ কল্যাণেও অবদান রেখেছেন তিনি। পাশাপাশি দারফুরে সঙ্কট নিরসনে আন্তর্জাতিক তৎপরতায়ও সহযাত্রী হন এ হলিউড তারকা।
নির্বাচিত হওয়ার পর পিপল ম্যগাজিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় রসিকতা করে জর্জ ক্লুনি বলেন, বন্ধু ব্রাড পিটের জন্য এটা মেনে নেয়া মনে হয় কঠিনই হবে। কেননা এ পর্যন্ত সেই দুইবার নির্বাচিত হয়েছিল। এখন তার সঙ্গে আমিও জুটে গেলাম। তবে আমার ধারণা, পিট এক্ষেত্রে হ্যাটট্রিক করবে।
’৮০’র দশকে নিজ শহর কেনটাকি ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান জর্জ ক্লুনি। কাজ নেন এক আত্মীয়ের গাড়িচালক হিসেবে। পরে একটি টিভি নাটকের মধ্য দিয়ে পা দেন শোবিজ জগতে। তার পর পিছু ফিরতে হয়নি। একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছে তার। ‘গুড নাইট অ্যান্ড ব্যাড লাক’ চলচ্চিত্রের জন্য গত অস্কারে সেরা নির্মাতা হিসেবেও তিনি মনোনয়ন পান।
