২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারিতে জড়িয়েছেন দ. কোরীয় স্টেমসেল বিজ্ঞানী

গবেষণাকালে রাষ্ট্রীয় তহবিল আত্মসাৎ ও অপব্যবহার, দেশের জীব-নৈতিকতা লঙ্ঘন এবং অবৈধ কেনাকাটার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ক্লোনিং বিজ্ঞানী হোয়াং উ-সুক’কে। স্টেম সেল গবেষণায় দেশটিকে বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠার মূলনায়ক বিজ্ঞানী হোয়াং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সফলভাবে কুকুর ক্লোনিং করার পর অনুমোদনহীনভাবে ‘বিলুপ্ত হাতি’ ক্লোনিংয়ের চেষ্টা করছিলেন তিনি। গবেষণা প্রকল্পের বিশদ হিসেব নিকেশ এবং তার কার্যক্রমের ব্যাখ্যা জানতে চেয়ে মঙ্গলবার সিউলের একটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

হোয়াং উ-সুক এবং তার গবেষণা দলকে বরাদ্দ দেওয়া লাখ লাখ ডলারের সঠিক হিসাব জানতে চায় আদালত। সরকারী তহবিলের অর্থ আত্মসাৎ, তহবিল অপব্যবহার এবং অবৈধভাবে মানব ‘ওভাম’ বা নারীদেহের বিশেষ প্রজননকোষ কেনার মাধ্যমে দেশের জীব-নৈতিকতা লংঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

তার সাবেক কর্মস্থল সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্যানেল তার এবং তার গবেষণা দলের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্রকে আন্তর্জাতিকভাবে জালিয়াতি করার অভিযোগ এনেছে।

৫৫ সদস্যের গবেষণা দলকে নিয়ে কোনপ্রকার অনৈতিক কাজ বা অন্যায় করার কথা অস্বীকার করেছেন হোয়াং। তিনি বলেন, একটি প্রধান দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক কোম্পানির কাছ থেকে নেওয়া অর্থের একটা অংশ তিনি ব্যয় করেছেন বিলুপ্ত হাতির ক্লোনিং প্রচেষ্টায়।

কিন্তু এসব ব্যয়ের হিসেব-নিকেশ দেওয়ার মতো কোন নথিপত্র তার কাছে নেই। এর আগের এক জবানবন্দিতে হোয়াং বলেছিলেন ক্লোনিংয়ের কাজে ব্যবহারের লক্ষ্যে জৈবিক উপাদান কেনাকাটার চেষ্টাকালে রাশিয়ান মাফিয়াদের হাতে বেশ কিছু অর্থ পাচার হয়ে যায়।

স্টেম সেল গবেষণায় হোয়াংয়ের সাফল্য একসময় আশাবাদ জাগিয়েছিল দক্ষিণ কোরিয়ায়। এ গবেষণার মাধ্যমে কোষের পুনরুৎপাদন করে আঘাতপ্রাপ্ত বা ক্ষত অঙ্গপ্রত্যঙ্গের পুনর্গঠন, পারকিনসন্স রোগ এবং মেরুদন্ডের মারাত্মক আঘাতের চিকিৎসায় অগ্রগতির সম্ভাবনা তৈরী হয়েছিল।