২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামসফেল্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

আবু গারিব কারাগার এবং গুয়ানতানামো বে বন্দিশালায় বন্দি নির্যাতনের অভিযোগে ডোনাল্ড রামসফেল্ডের বিরুদ্ধে যুদ্ধপরাধের মামলা করেছে কয়েকটি শীর্ষ মানবাধিকার গ্রুপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার জার্মানির একটি আদালতে এ মামলা দায়ের করা হয়। কারাগার দুটিতে নির্যাতিত কয়েকজন ইরাকি ও সউদি বন্দির পক্ষে মানবাধিকার গ্রুপগুলো এ মামলা দায়ের করে।

আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিচার দাবি করে মানবাধিকার গ্রুপগুলোর নেতারা বলেন, যুদ্ধপরাধের শাস্তি হিসেবে রামসফেল্ডের বাকী জীবন কারাগারে কাটা উচিৎ। উল্লেখ্য, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়লাভের পর সম্প্রতি পদত্যাগ করেন ডোনাল্ড রামসফেল্ড।

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর) মামলা দায়েরকারী সংগঠনগুলির অন্যতম। আবু গারিব কারাগারে নির্যাতিত ১১ ইরাকি এবং গুয়ানতানামোয় নির্যাতিত ১ সউদি নাগরিকের পক্ষে মামলা দায়ের করে সিসিআর সহ অন্য সংগঠনগুলি। তারা জানান কারাগারে প্রহার, অনাহারে রাখা, ঘুমাত না দেওয়া এবং যৌন নিপীড়নের শিকার হন এসব বন্দিরা। মামলাটি সম্পর্কে মানুষকে সচেতন করতে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিআরের পিটার ওয়েস বলেন রামসফেল্ডকে কারাগারে পাঠানো হোক এটা আমার প্রত্যাশা নয়, বরং আমি মনে করি এটাই করা উচিৎ।

জার্মানির কার্লসরুহের আদালতে মামলার প্রায় ৩৮০ পৃষ্ঠার বিশাল অভিযোগনামার সঙ্গে অপরাধ তদন্তের দাবি জানিয়ে একটি আবেদনও দাখিল করা হয় মঙ্গলবার । সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ছাড়াও মামলায় অভিযুক্ত করা হয়েছে আমেরিকার এটর্নি জেনারেল আলবার্তো গনজালেজ, সিআইএ-এর সাবেক পরিচালক জর্জ টেনেটসহ ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে। মামলাটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তারা। জার্মানিতে মামলা দায়ের সম্পর্কে তারা জানান, দেশটির ২০০২ সালের বিশ্ব বিচার আইনের আওতায় আন্তর্জাতিক আইন ভঙ্গকারী বিদেশীদের বিচার করা সম্ভব বলেই এখানে মামলা করেছেন তারা।