‘বিয়ের সংজ্ঞা’ নিয়ে খেপেছে স্পেনের সমকামীরা
স্প্যানিশ ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিধানে ‘সমকামী বিয়ে’ বিষয়টি স্থান না পাওয়ায় খেপেছে দেশটির সমকামীরা। মঙ্গলবার ‘দি রিয়েল একাডেমিয়া ইস্পানিওলা’ প্রকাশিত স্প্যানিশ ভাষার অভিধানটিকে ‘সেকেলে’ বলে অভিহিত করেছে সমকামী অধিকার গ্রুপগুলো।
তাদের দাবি সমকামী বিয়ে একটি বাস্তবতা এবং বিষয়টিকে অবশ্যই সে মর্যাদা দেওয়া উচিৎ। উল্লেখ্য যে, এ বছরের জুলাইতে স্প্যানিশ সরকার সমকামী বিয়েকে আইনগত বৈধতা দেয়।
স্পেনের শীর্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘দি রিয়েল একাডেমিয়া ইস্পানিওলা’ বা ‘দি স্প্যানিশ রয়্যাল একাডেমি’ সারা বিশ্বে স্প্যানিশ ভাষা ব্যবহারের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত। এ সপ্তাহে প্রকাশিত ‘এসেনসিয়াল ডিকশনারি অফ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ’ বা স্প্যানিশ ভাষার আবশ্যক অভিধানটিতে ‘বিয়ে’ শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, কোন নারী ও পুরুষের সম্মিলনকে বিয়ে বলে। কিন্তু সমকামী গ্রুপগুলো বলছে এ ব্যাখ্যাটি পুরনো হয়ে গেছে। স্পেন সহ বিশ্বের বহু দেশেই এখন সমকামী বিয়ে স্বীকৃত। বিয়ে অর্থ এখন কেবল নারী-পুরুষের সম্মিলন নয় বরং বিয়ে বলতে নারী-পুরুষ, পুরুষ-পুরুষ এবং নারী-নারীর সম্মিলনকেও বোঝায়। অভিধানটিকে ‘সেকেলে’ বলে অভিহিত করে তারা বলেন, এ একাডেমী অত্যন্ত রক্ষণশীল মানসিকতার এবং খুবই ধীর গতিতে চলছে এর কার্যক্রম।
স্পেনের গে এবং লেসবিয়ান ফেডারেশেনের মুখপাত্র বিয়েত্রিজ জিমেনো স্প্যানিশ রেডিও স্টেশন এসইআর-কে বলেন, বিয়ে এখন আর শুধু নারী-পুরুষের মধ্যকার সামাজিক চুক্তি নয়। একাডেমীর এ বিষয়টি বোঝা উচিৎ এবং সমকামী বিয়ের বিষয়টিকে অভিধানে স্থান দেওয়া উচিৎ। অন্যদিকে দি রিয়েল একাডেমিয়া ইস্পানিওলা’র পরিচালক ভিক্টর গার্সিয়া ডে লা কোঞ্চা ওই রেডিওকে বলেন, বিশ্বের স্প্যানিশ ভাষাভাষীদের কাছে ‘সমকামী বিয়ে’ বচনটিকে পরিচিত করার সময় এখনও আসেনি বলে মনে করছেন তারা।
