২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণঘাতী রোগের ওষুধ থেকে বঞ্চিত লাখ লাখ মানুষ

প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সুলভে পাচ্ছে না উন্নয়নশীল বিশ্বের দরিদ্র মানুষ। আর এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ধনী দেশগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

প্রাণঘাতী রোগের ক্ষেত্রে ব্যবসায়িক লাভের চেয়ে রোগীদেরই বেশি গুরুত্ব দেয়া হবে-বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের এমন আশ্বাস দেয়া হলেও তা না মানায় এখন ভুগছে উন্নয়নশীল বিশ্বের মানুষ।

ব্রিটেন ভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা অক্সফাম, এইডস ও বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার এ অভিযোগ করেছেন। তারা বলেন, ধনী দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা না করায় এখন লাখ লাখ মানুষ সহজে ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

২০০১ সালে দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে রোগীদের বিষয়টিতে ব্যবসায়িক লাভের চেয়ে বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত হয়।

কিন্তু অক্সফাম কর্মীরা অভিযোগ করেছে, ওষুধ শিল্পে একচেটিয়া ব্যবসা ধরে রাখতে ধনী দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র পেটেন্ট আইনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে দাবিয়ে রাখছে।

স্বাস্থ্যকর্মীরা বলেন, এইডস ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের ওষুধ যদি সস্তায় উন্নয়নশীল দেশগুলো উৎপাদন করতে পারত, তাহলে এসব রোগের মৃতের সংখ্যা অনেক কমে আসত।

‘স্টপ এইডস এর ক্যাম্পেইন’ কো-অর্ডিনেটর স্টিভ ককবার্ন বলেন, এক সময় মনে হয়েছিল দোহা ঘোষণা দরিদ্র দেশগুলোর মানুষদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কিন্তু পরে সে আশ্বাসের বাস্তবায়ন আর দেখা গেল না।

এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারার অ্যান্ড অ্যাসোসিয়েশন ওষুধ শিল্পে উন্নয়নশীল বিশ্বের প্রবেশাধিকারের বিরোধিতা করে বলেছে, উন্নয়নশীল বিশ্বে স্বাস্থ্য সঙ্কটের জন্য এ বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। কেননা প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সুলভেই এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যেই দরিদ্র দেশগুলোকে দেয়া হয়ে থাকে। তারা এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণের অভাবকেই দায়ী করেন।