সহায়তা না দিলে ইরান ও সিরিয়াকে একঘরে করার হুঁশিয়ারি ব্লেয়ারের
ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা না করলে ইরান ও সিরিয়াকে এক ঘরে করার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সোমবার বৈদেশিক নীতি নিয়ে বার্ষিক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।
ব্লেয়ার বলেন, পুরো মধ্যপ্রাচ্যে কৌশল পুনর্বিন্যাসের অংশ হিসেবে ইরান ও সিরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের সম্ভাব্যতা থেকে দেশ দুটির কাছে ইরাক বিষয়ে এই সহায়তা চাওয়া হয়েছে।
এর ফলে ইরান ও সিরিয়া প্রশ্নে বৃটেন নমনীয় হচ্ছে-এ সমালোচনার জবাবে ব্লেয়ার বলেন, ব্রিটেন তার নীতি থেকে বিন্দু মাত্র সরে আসছে না। ইরান ও সিরিয়াকে অবশ্যই সন্ত্রাসে মদদ দান এবং তেহরানকে তার পরমাণু শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অভিলাষ ত্যাগ করতে হবে।
টনি ব্লেয়ার বলেন, ইরানকে প্রস্তাবটি দেয়া হচ্ছে। তবে তাকে এটা নিশ্চিত করতে হবে যে তারা লেবানন ও ইরাকে সন্ত্রাসীদের সহযোগিতা দেয়া বন্ধ করবে এবং আন্তর্জাতিক সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। শুধু তা করলেই নতুন এ সম্পর্ক স্থাপন সম্ভব হবে। যদি তা না হয় তাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। আর সিরিয়ার ক্ষেত্রেও একই পরিণতি হবে।
টনি ব্লেয়ার আরো বলেন, ইসরাইল-পালেস্টাইন সমস্যা নিরসনেও একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা গ্রহণ প্রয়োজন।
এদিকে সোমবার ইরান জানায়, যুক্তরাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে তাদের এ সংক্রান্ত আলোচনার প্রস্তাব দেয় তাহলে তারা বিবেচনা করতে রাজি আছে।
টনি ব্লেয়ার গত মাসে তার বিদেশ বিষয়ক উপদেষ্টাকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনার জন্য দামেস্ক পাঠান।
ইরাক বিষয়ে সর্ব সাম্প্রতিক ভাবনা নিয়ে ব্লেয়ার মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরাক স্টাডি গ্রুপের সঙ্গে বৈঠকে বসছেন। ওই গ্রুপের কয়েক জন সদস্য ইতোমধ্যে ইরাক প্রশ্নে সিরিয়া ও ইরানের সহায়তা নেয়ার কৌশলটিতে আগ্রহ দেখিয়েছে।
তবে প্রেসিডেন্ট জর্জ বুশ সোমবার ইরাক স্টাডি গ্রুপের সঙ্গে বৈঠকে ব্লেয়ারের নতুন প্রস্তাব নিয়ে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন। বৈঠকে প্রেসিডেন্ট বুশ সন্ত্রাসে মদদদানের অভিযোগে ইরান ও সিরিয়ার সমালোচনাও করেন।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ইরাক পরিস্থিতি নিয়ে মার্কিনিদের পুনর্মূল্যায়নের ধরনটি টনি ব্লেয়ার বুঝতে চাচ্ছেন।
