ই-বর্জ্যের পাহাড় সামলাতে ব্যস্ত অস্ট্রেলিয়া
প্রযুক্তিপাগল অস্ট্রেলীয়রা এতো বেশী পরিমাণে ই-বর্জ্য ফেলছে যে, ওসব আবর্জনায় ছোটখাট পাহাড় গড়ে উঠছে।
কম্পিউটার প্রযুক্তির নিত্যকার আধুনিকায়নের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন মডেলের একসেসরিজ কেনা আর পুরনোগুলো আবর্জনাস্তুপে নিক্ষেপ করায় গড়ে উঠছে ই-বর্জ্যের পাহাড়। ২ কোটি মানুষের দেশটিতে এ বছরের শেষ নাগাদ ফেলে দেওয়া কিংবা বাতিলের খাতায় নাম লেখানো কম্পিউটারের পরিমাণ দাঁড়াচ্ছে ৮৭ লাখ। এ বিপুল ই-বর্জ্য সামলাতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। জরুরী ভিত্তিতে ই-বর্জ্য ব্যবস্থাপনা ও পুনরুৎপাদন (রিসাইক্লিং) নীতি প্রণয়নের দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতের লোকজন।
অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর এক নতুন রিপোর্টে বলা হয়েছে সাধারণ বর্জ্যের তুলনায় ৩ গুণ দ্রুততার সঙ্গে বাড়ছে ই-বর্জ্যের পরিমাণ। নতুন মডেলের কম্পিউটার ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি কেনার হিড়িকের সঙ্গে সঙ্গেই ছুঁড়ে ফেলা হচ্ছে পুরনো যন্ত্রগুলি। গড়ে উঠছে আবর্জনার ¯তুপ। ব্যুরোর হিসেব মতে প্রতি বছর ২৪ লাখ নতুন কম্পিউটার কিনছে অস্ট্রেলিয়ানরা। তাদের ধারণা আগামী ২ বছরে ৯০ লাখ কম্পিউটার, ৫০ লাখ প্রিন্টার এবং ২০ লাখ নতুন মডেলের স্ক্যানার কিনে সমপরিমান পুরনো যন্ত্রগুলোকে ভাঁড়ার ঘরে পাঠিয়ে দেবে অসিরা।
ই-বর্জ্য সামলানোর কাজটিকে আরও জটিল করে তুলছে ভাঁড়ার ঘরে পাঠিয়ে দেয়া কম্পিউটারের স্তুপ। অনেক অসিই তাদের পুরনো যন্ত্রগুলি জমিয়ে রাখছেন ভবিষ্যতে কোন নতুন ব্যবহারে কাজে লাগার আশায়। পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে ১৬ লাখ কম্পিউটার ফেলে দেয়া হবে আবর্জনার খাতায়। একই সময়ে ১৮ লাখ কম্পিউটার জমিয়ে রাখা হবে ভাঁড়ার ঘরে। ইতিমধ্যেই জমিয়ে রাখা ৫৩ লাখ কম্পিউটারের বিশাল ভান্ডারের সঙ্গে যুক্ত হবে এ নতুন ১৮ লাখ।
শীর্ষ কম্পিউটার প্রস্ততকারক এবং ক্ষুদ্র বিক্রেতাদের সম্মিলিত সংগঠন দি অস্ট্রেলিয়ান ইনফরমেশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন জানায় আরও বেশী করে কম্পিউটার রিসাইক্লিংয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। কিছু বড় প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে রিসাইক্লিংয়ের কাজ। কোন ব্যক্তি নতুন কম্পিউটার কেনার সময় তার কাছ থেকে পুরনো যন্ত্রটি নিয়ে নিচ্ছে তারা। এগুলো নবায়নের কাজ করছে তারা। অল্প সংখ্যক হলেও পুরনো কিন্তু ব্যবহারযোগ্য এসব কম্পিউটার রপ্তানীও করা হচ্ছে বিদেশে। সংগঠনটির জেনারেল ম্যানেজার জেমস ম্যাক এডাম বলেন আমরা চাচ্ছি এমন একটা অবস্থায় যেতে যেখানে কোন মানুষকে তার পিসিটি আর আবর্জনা স্তুপে ফেলতে হবে না। এজন্য প্রয়োজন একটি জাতীয় নীতিমালা যেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে।
