২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে মার্টিন লুথার কিংয়ের স্মৃতিসৌধ হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং-এর একটি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সামাজিক অধিকার আন্দোলনের নেতারা সোমবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টিভির জনপ্রিয় টক শো’র হোস্ট অপরাহ উইনফ্রে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং কবি মায়া এনজেলোসহ প্রায় পাঁচ হাজার লোক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যোগ দেন।

“কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন লুথার কিং। আর তাই জেফারসন এবং লিঙ্কন মেমোরিয়ালের মাঝে লুথার কিং’র স্মৃতিসৌধটি যারা আমেরিকার সম্ভাবনার পথ দেখিয়েছেন এবং যারা সেই সম্ভাবনাকে এগিয়ে নেয়ার কাজ করে যাচ্ছেন সেই সব অগণিত সাধারণ মানুষের মিলনমেলা হয়ে থাকবে,” বলেন প্রেসিডেন্ট বুশ।

লুথার কিং-এর বন্ধু ও সহযোদ্ধা অ্যান্ডু ইয়ং বলেন, “আমরা আজ কিং-এর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাটিতে বেলচা চালাচ্ছি। বেলচা চালিয়ে আবর্জনাগুলোকে সরিয়ে দিচ্ছি। আমরা আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যেতে চাই এবং আমাদের ওপর চাপানো নিষ্পেষণ এবং শোষণের আবর্জনাও ঠিক এইভাবে বেলচা চালিয়ে সরিয়ে দিতে চাই।”

গুপ্তঘাতকের হাতে নিহত মার্টিন লুথার কিং আমেরিকায় যুগ যুগ ধরে চলে আসা বর্ণবৈষম্য, দারিদ্র্য এবং সহিংসতা বন্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছেন। আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকার এই জনপ্রিয় নেতার অবদান কেউ যেন ভুলে না যায় সেই অনুরোধই সবাইকে জানান অ্যান্ডু ইয়াং।