১০ মাস পর শুরু হচ্ছে ভারত-পাকিস্তান শান্তি আলোচনা
সন্ত্রাস বিরোধী যৌথ কার্যক্রম পরিচালনার ইচ্ছা নিয়ে এ সপ্তাহেই শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে ভারত ও পাকিস্তান।
আগামী মঙ্গল এবং বুধবার দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা শুরু হবে। গত দশ মাসের মধ্যে শান্তি আলোচনা নিয়ে এটাই হবে দেশ দুটির প্রথম বৈঠক।
তবে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে শান্তি আলোচনায় একটি স্থিতিশীল, টেকসই অবস্থানে পৌঁছাতে দুটি দেশেরই আরো নমনীয় হওয়া দরকার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। পারস্পরিক অবিশ্বাস ও ভঙ্গুর সম্পর্ক থাকা সত্ত্বেও তারা সামরিক শক্তি প্রদর্শনের হুমকির বদলে আলোচনার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশা করছেন বিশ্লেষকরা।
প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক গত জুলাইয়ে ভারতের মুম্বাইয়ে বোমা হামলার ঘটনার পর আরো ভেঙে পড়ে। ভেস্তে যায় শান্তি আলোচনার প্রচেষ্টা। এই অবস্থা চলতে থাকার পর বর্তমান আলোচনার শুরুর পরিপ্রেক্ষিতে পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত গোপালাস্বামী পার্থসারথি বলেন “আমরা আলোচনায় বসতে যাচ্ছি-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। তবে আলোচনা থেকে বিশাল কোনো অর্জনের প্রত্যাশা করছি না।”
এই শান্তি আলোচনায় যৌথভাবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি রূপরেখা প্রনয়ণ করা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এটাও বলেন, সবকিছু নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার ওপর।
