২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচি সুস্থ আছেন, জাতিসংঘ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি সুস্থ আছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তারপরও নিয়মিত তাকে ডাক্তার দেখানো দরকার। জাতিসংঘের দূত ইব্রাহিম গাম্বারি তার সাথে সাক্ষাৎ করে শনিবার এ কথা বলেন।

ইয়াঙ্গুনে সু চিকে যেখানে গৃহবন্দী করে রাখা হয়েছে সেখান থেকে অল্প কিছু দূরে গাম্বারির সরকারি অতিথি ভবনে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে তাকে নিয়ে আসা হয়। এক ঘন্টা ব্যাপী এ সাক্ষাতের পর জাতিসংঘ সুচির ছবি প্রকাশ করে। ধারনা করা হচ্ছে নতুন করে ২০০৩ সালের মে মাসে গৃহবন্দী হওয়ার পর এগুলোই বিশ্ববাসীর দেখা তার প্রথম ছবি।

জাতিস ংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, সু চি মিয়ানমারের প্রতি জাতিসংঘের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন গাম্বারির তুলে ধরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি হবে।

প্রসঙ্গত, গত মে মাসেও গাম্বারি মিয়ানমারে গিয়ে সু চির সাথে সাক্ষাৎ করেন। দুই বছরের মধ্যে সেটাই ছিল বাইরের পৃথিবীর কোন ব্যক্তিকে তার সাথে প্রথম দেখা করতে দেওয়ার ঘটনা।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর নেত্রী সু চি ১৯৯০ সালের নির্বাচনে জয়ী হলেও সেনাবাহিনী তার হাতে ক্ষমতা অর্পন না করে গত ১৭ বছরে ১০ বছরেরও বেশি সময় ধরে তাকে গৃহবন্দী করে রেখেছে। সাম্প্রতিক কালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে জান্তা সরকার সু চির সাথে ডাক্তারের সাক্ষাতও কমিয়ে দিয়েছে।

মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের অফিস বিবৃতিতে জানায় গাম্বারির সাথে বেশ কিছু রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ে জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল থান শোয়ের আলোচনা হয়েছে। তবে থান শোয়ের সাথে আলোচনার বিষয়বস্তু নিয়ে গাম্বারি বিস্তারিত কিছু জানাননি।

সরকারি কর্মকর্তাদের সাথে আলাদা এক সভায় গাম্বারি রাজনৈতিক কারনে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার উপর জোর দেন। তার এ সফরের আরেকটি উদ্দেশ্য ছিল মিয়ানমারের পূর্বাঞ্চলীয় জঙ্গলে সংঘর্ষের কারণে শরণার্থী হওয়া প্রায় পাঁচ লাখ লোকের জন্য আন্তর্জাতিক সাহায্যের ব্যবস্থা করা নিয়ে জান্তার সঙ্গে আলোচনা করা।