২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রণকৌশল খতিয়ে দেখছে পেন্টাগন

ইরাকে মার্কিন রণকৌশল নতুন করে পর্যালোচনা করছে পেন্টাগন। এ জন্য দায়িত্বশীল সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি টিম গঠন করা হয়েছিল। ইরাক পরিস্থিতি নিয়ে তাদের নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা করতে বলা হয়। এখন তাদের ভাবনাগুলো নিয়ে পর্যালোচনা শুরু করেছেন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তারা ইরাক পরিস্থিতির পাশাপাশি প্রেসিডেন্ট বুশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের কৌশল নিয়েও পর্যালোচনা করবেন। নিউ ইয়র্ক টাইমস শনিবার এ কথা জানিয়েছে।

পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে গঠিত টিমটির সমন্বয় করছেন জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল পিটার পেস। তিনি শুক্রবার বিভিন্ন টিভি সাক্ষাৎকারে বিষয়টির কথা জানালেও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি।

নিউ ইয়র্ক টাইমস জানায়, টিমটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তার অন্যতম হচ্ছে ইরাকি বাহিনীর সংখ্যা বৃদ্ধি। তাদের প্রশিক্ষণ ও সমরাস্ত্র সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পায়। একই সঙ্গে ইরাকে আমেরিকান বাহিনীর পুনর্বিন্যাসের বিষয় নিয়েও আলোচনা হয়। পেন্টাগন কর্মকর্তারা ইরাক পরিস্থিতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নতুন নতুন কৌশলের ওপর জোর দেন বলে পত্রিকাটি জানায়।

গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় কর্মকর্তারা পর্যালোচনা শুরু করেন। পেন্টাগন কর্মকর্তারা বলেছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্ট বুশ ও নতুন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের কাছে সার্বিক পরিস্থিতি ও করণীয়ের একটি রূপরেখা তুলে ধরা। টিমের সদস্য হিসেবে ছিলেন কর্নেল এইচ আর ম্যাকমাস্টার, কর্নেল পিটার মনসুর, কর্নেল টমাস গ্রিনউড, ক্যাপ্টেন মাইকেল রজারস প্রমুখ। এরা সবাই বিভিন্ন সময়ে ইরাকে আমেরিকান বাহিনীর বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর বিষয়গুলো পর্যালোচনায় পিটার পেসের সঙ্গে থাকছেন ইরাকে মার্কিন কমান্ডার জেনারেল জর্জ ক্যাসি, জন আবিজাঈদ।