২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ট্রো সুস্থ হয়ে উঠছেন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ও তিনি আবার ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে তাঁর ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ নাও দিতে পারেন বলে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান রিকারডো এলারকন জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাজধানী হাভানায় এক সংবাদ সম্মেলনে রিকারডো বলেন,“সুস্থ হয়ে ওঠার জন্য তাকে যেসব ব্যবস্থাপত্র গ্রহণ করতে বলা হয়েছিল তা তিনি যথাযথভাবেই মেনে চলছেন।”

প্রায় সাড়ে তিন মাস আগে একটি অপারেশন হওয়ায় ক্যাস্ট্রো ছোট ভাই রাউলের হাতে ক্ষমতা ছেড়ে দেন। সেই থেকে এখন পর্যন্ত কেবল তার ছবি ও ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। তিনি জনসমক্ষে আসেননি।

অক্টেবরের ২৮ তারিখে প্রচারিত একটি ভিডিওতে তাকে আরো বেশী বয়স্ক ও রোগা মনে হয়। আর এরপরই তিনি আসলে সুস্থ হয়ে উঠছেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তার ৮০ তম জন্মবার্ষিকী ও বিপ্লবের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি আবার জনসমক্ষে আসবেন বলে সবাই আশা করছেন। তবে রিকারডো বলেন, “এটি নির্ভর করছে ডাক্তারদের অনুমতির উপর।”

উল্লেখ্য গত ১৩ আগস্ট ক্যাস্ট্রো ৮০ বছরে পা দিলেও তার অসুস্থতার জন্য অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হয়।