২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএর সাথে সম্পর্ক পর্যালোচনা করতে পারে ইরান

তিন ইউরোপীয় দেশের খসড়া প্রস্তাবে রাশিয়ার প্রস্তাবিত পরিবর্তন নিরাপত্তা পরিষদ অগ্রাহ্য করলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে নিজেদের সম্পর্ক পর্যালোচনা করে দেখবে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচক আলী লারিজানি মস্কোয় একথা বলেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তৈরি ওই খসড়া প্রস্তাবনায় ইরানের পরমাণু ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অন্য দেশগুলোর পক্ষ থেকে সরঞ্জাম ও প্রযুক্তি বিক্রি ও সরবরাহ ছাড়াও অর্থ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।

রাশিয়া ওই প্রস্তাবে দেশটির সম্পদ জব্দ ও সেখানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করে।

লারিজানি বলেন, রাশিয়ার প্রস্তাবিত বিষয়গুলো না মেনে নিরাপত্তা পরিষদ যদি ইউরোপীয় দেশগুলোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করে তবে আমরা আইএইএর সাথে সম্পর্ক পর্যালোচনা করে দেখব।

পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়ার নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য লারিজানি শুক্রবারই সেদেশে পৌঁছান।

এর আগে ইরান বলেছিল, আইএইএর পরবর্তী সভায় পরমাণু চুল্লী স্থাপনের জন্য কারিগরি সহযোগিতা প্রদানের আবেদন জানানোর পরিকল্পনা করছে তারা।

নভেম্বর মাসের ২৩ তারিখে আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি (আইএইএ) এর পরিচালনা পরিষদের সভায় এ আবেদন করার পাশাপাশি ইরানের আরকে ভারি পানি তৈরি গবেষণাগারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও কারিগরি সাহায্য চাওয়া হবে বলে জানানো হয়।

তবে ২০০৯ সালে এ চুল্লীটি সম্পূর্ণ কর্মক্ষম হয়ে উঠতে পারলে বছরে দুইটি করে বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম হবে বলে বৃহস্পতিবার দুই বিশেষজ্ঞ জানান।

এর হালেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র বিস্তার রোধ কর্মসূচির সাবেক কর্মকর্তা ও বর্তমানে সেন্টার ফর স্ট্রাটেজিক এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে কর্মরত রবার্ট এইনহর্ন ও আর্মস কন্ট্রোল এসোসিয়েশনের প্রধান ডেরিল কিমবল।

তারা বলেন, ইরানের ওই আবেদন নাকচ করে দেওয়া উচিত, কারণ তা দেশটির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়িয়ে দেবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অভিযোগ ইরান শান্তিপূর্ণ কর্মসূচির অধিনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এদিকে তেহরান জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তি প্রয়োজন।

লিখিত এক বিবৃতিতে ওই দুই বিশেষজ্ঞ বলেন, “আইএইএর বোর্ডের কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিরাপত্তা নিয়ে নয়, বরং সেটা হলো যে কর্মসূচি নিয়ে তারা সন্দেহ পোষণ করছে এবং নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে ইরানের তা চালিয়ে যাওয়া উচিত হবে কিনা।”

তারা আরও বলেন, আরকে এ চুল্লী স্থাপন করা হলে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য আইসোটোপও উৎপাদন করা সম্ভব হবে।

এইনহর্ন ও কিমবল অভিযোগ করেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে একটি হালকা পানি তৈরি সংক্রান্ত গবেষণা চালাতে একটি চুল্লীর সাথে ৪০ মেগাওয়াট সম্পন্ন ভারি পানির চুল্লী স্থাপনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা গ্রহণ করেনি।