রামসফেল্ডের বিদায়ে ইরাকে মার্কিন সেনাদের মেয়াদ কমবে
ইরাকে সহিংসতা বন্ধ এবং ইরাকি বাহিনী নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে সক্ষম না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা সেদেশে থাকবে-এতোদিন এমনটাই বলে এসেছেন মার্কিন কর্মকর্তারা।
কিন্তু মধ্যবর্তী নির্বাচনে দলের ভরাডুবির পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের বিদায়ের কারণে এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। যুদ্ধবাজ রামসফেল্ডের হাত থেকে নিষ্কৃতি পাওয়ায় প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তার ইরাক নীতিতে এখন সহজেই পরিবর্তন আনতে পারবেন বলে ধারণা করছেন তারা। এদের অনেকের মতে ইরাকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র।
সাদ্দাম হোসেনকে সরাতে ইরাকে যে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন রামসফেল্ড তা তার জন্য সমালোচনার ঝড়ই বয়ে এনেছিল। কারণ, ইরাক নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, অব্যাহত সহিংসতার কারণে দেশটি কার্যত পৌঁছে গেছে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। আর এটাই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবির মূল কারণ।
রামসফেল্ডের পরিবর্তে সিআইএর সাবেক প্রধান রবার্ট গেটসকে নিয়োগ দিয়ে প্রেসিডেন্ট বুশ তার ইরাক নীতি পরিবর্তনেরই ইঙ্গিত দিয়েছেন। গেটস ‘ইরাক স্টাডি গ্রুপ’র একজন সদস্য। ওই গ্রুপটি ইরাক প্রশ্নে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের সদস্যদের নিয়ে গঠিত। এই গ্রুপ কয়েক সপ্তাহের মধ্যে ওই দেশটিতে মার্কিন নীতি পযালোচনা করে নতুন সুপারিশমালা পেশ করবে।
বর্তমানে ইরাকে মার্কিন সেনার সংখ্যা এক লাখ ৫২ হাজার। সাবেক রিপাবলিকান পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ও ডেমোক্রেট দলের লি হ্যামিলটনের যৌথ সভাপতিত্বে গঠিত ওই গ্রুপটি ইরাক থেকে পর্যায়ক্রমে এসব সেনা প্রত্যাহারের বিষয়টি দেখবে।
২০০৩ সালে ইরাক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের দুই হাজার ৮০০ এর বেশি সেনা হারিয়েছে। অন্যদিকে নিহত ইরাকির সংখ্যা ছাড়িয়ে গেছে লাখের কোটা।
সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের সাথে জড়িত লরেন্স কোর্ব প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মতে, রামসফেল্ডের বিদায় এবং গেটসের আগমন এটাই ইঙ্গিত দেয় শিগগিরই ইরাক থেকে পর্যায়ক্রমে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। ধীরে ধীরে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র ইরাকিদের কাছে এ খবরই পৌঁছাতে চাইবে যে তারা সেখানে চিরদিনের জন্য থাকবে না এবং নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ইরাকিদেরই নিজেদের দায়িত্ব নিতে হবে।
ওয়াশিংটনের আরেক থিঙ্ক ট্যাঙ্ক লেক্সিংটন ইনস্টিটিউটের লরেন থম্পসনও একই ধারণা করছেন। তিনি বলেন, “আমি মনে করি না এতে ইরাকের প্রতি যুক্তরাষ্ট্রের দায়িত্ববোধে বিন্দুমাত্র কমে যাবে। এখন তো প্রশ্ন একটাই-কবে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে।”
রামসফেল্ড বুধবার তার পদত্যাগের ঘোষণা দেন। তবে গেটস সিনেট থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে বসবেন।
থম্পসনের মতে, রামসফেল্ড ইরাকে মার্কিন সেনাদের ‘জিততে পারবে না’ এমন পরিস্থিতিতে রেখে যাচ্ছেন। কাজেই পর্যায়ক্রমে মার্কিন সেনা প্রত্যাহার ইরাক সরকারকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে এগিয়ে আসতে সাহায্য করবে। ফলে বিবদমান পক্ষগুলোর মধ্যে সহিংসতার হার কমে আসবে।
