হাসপাতালে মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তা তেমন মারাত্মক নয় বলে জানিয়েছেন তাঁর ছেলে মোখজানি মাহাথির।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোখজানি বলেন, “বৃহস্পতিবার সকালে বাবা হৃদরোগে আক্রান্ত হন। তবে এটি ছিল মাইনর অ্যাটাক। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডাক্তাররা তাঁকে যথাযথ চিকিৎসা দিচ্ছেন। তবে তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে।”
মাহাথির মোহাম্মদ নিজেও একজন ডাক্তার। আগে থেকেই তাঁর হৃদপিণ্ডে সমস্যা থাকলেও অবসর গ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটিয়ে আসছেন তিনি।
দেশের বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবির সাথে গত ছয় মাস ধরে রাজনৈতিক বিরোধের কারণে মাহাথির ব্যস্ত থাকছেন বলে ধারণা করা হলেও মোখজানি এ বিবাদের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বাবা এ সপ্তাহে নিউজিল্যান্ডে ভ্রমণ ছাড়াও বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন।
সেপ্টেম্বর মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির তাদের দুইজনের মধ্যকার বিবাদ বেড়েই চলেছে উল্লেখ করে বলেন, “আমার মত বয়স্ক ব্যক্তির জন্য এটি এক ধরনের চাপ। কিন্তু এতে আমার সমস্যা হবে না।”
দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৩ সালে অবসর গ্রহণ করলেও এখনও তিনি রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাস ও গাড়ি প্রস্তুতকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রোটনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজ মতামতের জন্য পশ্চিমা দেশগুলোতে বিতর্কিত হলেও গ্রামীন অর্থনীতিনির্ভর দেশকে শিল্পোন্নত দেশে পরিণত করায় তাঁকে আধুনিক মালয়েশিয়ার পিতা বলে আখ্যায়িত করা হয়।
