শ্রীলংকায় সেনাবাহিনীর গোলায় ৪৫ বেসামরিক লোক নিহত
শ্রীলংকার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে বলে তামিল বিদ্রোহীরা জানিয়েছে। বাস্তুচ্যুত স্থানীয়দের একটি শিবির লক্ষ্য করে বুধবার ওই হামলা চালানো হয়।
সেনাবাহিনী বলেছে ওই অঞ্চলে সেনা ক্যাম্পগুলোর ওপর বুধবার সকাল থেকে বিদ্রোহীরা গুলি বর্ষণ করতে থাকলে ৫ সেনা আহত হয়। সেনারা কামান ও মর্টারের গোলা ছুঁড়ে জবাব দেয়। তবে বেসামরিক লোক নিহত হওয়ার খবর তারা জানে না।
নরওয়েজিও শান্তি দূতদের নিয়ে একটি দল খবর পেয়ে ঘটনাস্থল, বাত্তিকালোয়া জেলায় কাথিরভেলিতে গিয়েছে। তামিল টাইগারদের শান্তি আলোচক দলের এস পুলিদেভান স্যাটেলাইট ফোনে রয়টার্সকে জানান, সেনাবাহিনী বাস্তুুহারাদের ক্যাম্পের ওপর হামলা চালায়। এতে ৪৫ জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছে। এরা সবাই বেসামরিক ব্যক্তি। তিনি আরো জানান, ঘটনার সময় নরওয়ের দলের সঙ্গে তিনি উত্তরাঞ্চলীয় পুনারিন শহরে ছিলেন। সেনাবাহিনী তাদের ওপরও কামানের গোলা নিক্ষেপ করে।
