২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমায় ৩৫ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দারগাই শহরে একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পের প্যারেড গ্রাউন্ডে বুধবার বোমা বিস্ফোরণে ৩৫ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় বহু সংখ্যক সেনা আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ইসলামি জঙ্গি গ্রুপের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকাটিতে গত মাসে জঙ্গিদের পরিচালিত একটি স্কুলে নিরাপত্তা বাহিনীর হামলায় ৮০ জন নিহত হয়েছিল।

একজন সেনা কর্মকর্তা বলেছেন, এটা ছিল আত্মঘাতী হামলা। হামলাকারী তার শরীরে চাদর দিয়ে বোমা পেঁচিয়ে দৌড়ে প্রশিক্ষণ এলাকায় এসে বিস্ফোরণ ঘটায়। এসময় সেখানে প্রশিক্ষণ শেষে সেনা সদস্যরা বিশ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী রাষ্ট্র পাকিস্তান গত কয়েক বছর ধরেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে হতাহত হয়েছে কয়েক হাজার নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি সদস্য।

রাজধানী ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত দারগাই শহরটি জঙ্গি গ্রুপ তেহরিক-ই-নিফাজ-ই-শরিয়ত-ই-মোহাম্মদীর শক্ত ঘাঁটি বলে বিবেচিত। আফগানিস্তানের তালেবান সমর্থিত এই গ্রুপটিকে ২০০২ সালে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

অভিযোগ আছে, গ্রুপটি নব্বইয়ের দশকে ওই এলাকায় তালেবার শাসন কায়েমের জন্য ব্যাপক প্রচারণা চালায় এবং ২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গ-মার্কিন হামলার ঘটনায় কয়েক হাজার পার্বত্য বাসিন্দাকে আফগানিস্তানে যুদ্ধ করতে পাঠায়।