জাপানে হত্যার অভিযোগে মার্কিন নাগরিক গ্রেপ্তার
জাপানে এক বৃদ্ধ নাগরিককে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর এক বেসামরিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার জাপানের পুলিশ ও মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানান।
পুলিশ জানায়, নোলার রবার্ট বার্নস নামের ওই বেসমারিক সদস্য টোকিওর দক্ষিণে ইয়োকোসুকা শহরে একটি বার পরিচালনা করত। তার বারে শুক্রবার কাতসুমি নাকাগাওয়া নামে ৭১ বছর বয়সী এক জাপানী মদ্য পান করে মাতলামি ও অন্যদের বিরক্ত করছিলেন। এসময় বার্নস তাকে ধাক্কা দিলে পরে গিয়ে নাকাগাওয়া মাথায় আঘাত পান। ঘটনার পরই বার্নসকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে নাকাগাওয়া মারা যান।
পুলিশের এক মুখপাত্র জানান, বার্নসের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হতে তারা ময়না তদন্তের রিপোর্ট প্রকাশের অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে এক মার্কিন সেনা এই শহরেই ৫৬ বছর বয়সী এক জাপানী মহিলাকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। দ্বিপক্ষীয় একটি নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে।
