ডেমোক্রেটরা জিতলে যুুদ্ধের খরচ যোগাতে বেকায়দায় পড়বেন বুশ
আমেরিকার কংগ্রেসে ডেমোক্রেটরা জয় পেলে যুদ্ধ-ব্যায় প্যানেলের নেতৃত্বে আসবেন প্রেসিডেন্ট বুশের ইরাক-যুদ্ধের কট্টর দুই সমালোচক ডেভিড ওবে এবং রবার্ট বায়ার। বুশ যুদ্ধের জন্য যে অর্থ চাইবেন, প্যানেলের এই নেতারা তা অনুমোদন না করলে ক্রমাগত অজনপ্রিয় হয়ে ওঠা ইরাক যুদ্ধ নিয়ে আরো নাকাল হবে তার প্রশাসন।
মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটরা জিতলে উইসকিনসনের প্রতিনিধি ডেভিড ওবে’র হাউস অফ রিপ্রেজেনটেটিভের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান হওয়ার কথা। ‘ইরাক যুদ্ধকে ১৮১২ সালের পর সবচেয়ে ‘অবান্তর যুদ্ধ’ হিসেবে তিনি উল্লেখ করে থাকেন। সহ-আইনপ্রনেতাদের বিষয়টি বোঝাতে সবসময় সোচ্চার ছিলেন তিনি।
তার এই কট্টর অবস্থান নিয়ে ব্রুকিং ইন্সটিটিউশনের সিনিয়র কর্মকর্তা স্টিফেন হেস বলেন ‘আমার মনে হয় না তিনি প্রেসিডেন্ট বুশকে একটা স্বস্তিকর সময় দেয়ার কাজে মনোনিবেশ করতে যাচ্ছেন।’ এদিকে ক্যাপিটল হিলে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির নেতৃত্বে আসছেন ভার্জিনিয়ার ৮৮ বছর বয়সী সিনেটর রবার্ট বায়ার্ড। ২০০৩ সালের মার্চে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে “সুপারপাওয়ার আমেরিকাকে উদ্ধত হামলাকারী হিসেবে চিহ্নিত করার” অভিযোগে অভিযুক্ত হন বায়ার্ড। আমেরিকা আগ্রাসন শুরু করার প্রস্তুতি নিলে তিনি বলেন “আজ দেশের জন্য কাঁদছি আমি”।
যে কমিটি ইরাক যুদ্ধের জন্য মাসে ৮ শত কোটি ডলার করে অনুমোদন করে সেখানে ওবে অথবা বায়ার্ড নেতৃত্বে এলে বুশ প্রশাসন দারুণ বেকায়দায় পড়বে। ইরাকে কিভাবে কতো ডলার খরচ হচ্ছে তা ব্যাখ্যা করার জন্য নতুন উপায় খুঁজে বের করতে হবে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে।
ডেভিড ওবে এবং রবার্ট বায়ার্ড ‘যুদ্ধ ব্যয় কমিটি’র নেতৃত্বে এলে প্রশাসনকে চাপে ফেলার মতো কাজ করার সুযোগ পাবে কংগ্রেস। ইরাক থেকে আমেরিকান সেনাদের ফিরিয়ে আনার পথের সন্ধানও তখন মিলতে পারে।
কংগ্রেস নির্বাচনের এবারের প্রচারণায় ডেমোক্রেট পার্টির নেতারা জনগনকে এই বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, ইরাকে আমেরিকান সেনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না তারা। তবে এই প্রচারণা চালালেও ইরাক যুদ্ধের জন্য অর্থ ছাড়ের অনুমোদন না দিয়ে তারা শক্তি দেখাতে পারেন। কংগ্রেসে ডেমোক্রেট দলীয় কর্মকর্তা হিসেবে তিন দশকেরও বেশী সময় কাজের অভিজ্ঞতাসম্পন্ন স্কট লিলি এমনটাই মনে করেন। স্কট কংগ্রেসে তার কর্মজীবনের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির কাজে।
বর্তমানে ‘সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস’ নামের একটি উদারপন্থী থিংক ট্যাঙ্কের হয়ে কাজ করছেন লিলি। তিনি আরো বলেন, এপ্রোপ্রিয়েশন কমিটির কাছে নানা ধরনের প্রচুর সাহায্য-সহযোগিতার জন্য দ্বারস্থ হতে হবে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে। অ্যাপ্রোপ্রিয়েশন কমিটিগুলোই রামসফেল্ডের লিমোজিন থেকে পেন্টাগন অফিসের কম্পিউটার এবং অভ্যন্তরীন প্রতিরক্ষা বিভাগের প্রকল্পগুলোও নিয়ন্ত্রণ করে থাকে।
বায়ার্ড এবং ওবে ইরাক যুদ্ধ সমর্থন না করলেও সেখানে মোতায়েন সেনাদের জন্য তহবিল যোগানো সমর্থন করে এসেছেন। আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের জন্য ৫০০ বিলিয়ন তহবিল গড়ে তোলার ব্যাপারে তাদের সমর্থন ছিল।
কংগ্রেসের কমিটিগুলো ঐতিহ্যগতভাবেই কখনো নীতি নির্ধারণী ভূমিকার উল্টোদিকে ছিল না। ভিয়েতনাম যুদ্ধের সময়ও প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে ওইসব প্যানেলের খুব একটা ঠোকাঠুকি লাগেনি।
তবে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, ডেমোক্রেটরা হাউস অফ রিপ্রেজেনটেটিভ বা সিনেটের নিয়ন্ত্রণ পেয়ে গেলে প্রেসিডেন্ট বুশের তার শেষ দু’বছরে কমিটিগুলোর খুববেশি সমর্থন পাবেন না।
প্রতিরক্ষা ব্যায় নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে ওবে এবং বায়ার্ডের পরই সাব-কমিটির নেতৃত্বে থাকতে পারেন পেনসিলভানিয়ার প্রতিনিধি জন মুর্থা। এই সাবেক মেরিন একবছর আগে ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবী জানিয়েছিলেন। আরেকটি সাব কমিটিতে থাকতে পারেন হাওয়াইয়ের সিনেটর ডেনিয়েল ইনোইয়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি হাত হারানো এ যোদ্ধা আগামী জুলাইয়ের মধ্যে সেনা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন।
