মার্কিন কংগ্রেস নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে ইরাক
মার্কিন কংগ্রেস নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ইরাক প্রশ্নে একে অপরকে একহাত দেখানোয় ব্যস্ত রয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকান দল।
ইরাক প্রশ্নে ডেমোক্রেটদের বিরুদ্ধে রিপাবলিকানদের অভিযোগ হলো, তারা দেশটিতে মার্কিনিদের ব্যর্থতার সুপারিশ করছেন। বুশ ও রিপাবলিকানরা বলছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরাকে জিততে হবে। ডেমোক্রেটদের বিরুদ্ধে তারা ইরাক প্রশ্নে কোনো পরিকল্পনা না থাকার অভিযোগ এনেছেন।
আর ডেমোক্রেটরা বলছেন, ইরাক প্রশ্নে ভোটাররা নুতন করে ভাবছেন এবং নির্বাচনে তারা প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ইরাক নীতি প্রত্যাখ্যান করবেন। ভোটাররা ইরাক প্রশ্নে যে অবস্থান নিয়েছেন তাতে মার্কিন সেনারা দেশে ফিরে আসতে সক্ষম হবেন বলে তারা বলছেন। মোটকথা, ডেমোক্রেটরা এই নির্বাচনকে বুশ ও ইরাক যুদ্ধের বিরুদ্ধে গণভোট হিসেবে দেখতে চাইছেন।
তবে শেষ মুহূর্তের মতামত জরিপে দেখা যাচ্ছে সিনেট নির্বাচনের দৌড়ে রিপাবলিকান দল কিছু কিছু ক্ষেত্রে সামান্য হলেও অগ্রগতি অর্জন করেছে। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের এক যৌথ জরিপে দেখা যাচ্ছে গত দুই সপ্তাহে ডেমোক্রেটদের আধিপত্য ১৪ শতাংশ থেকে ছয় শতাংশে নেমে এসেছে। কিন্তু টাইম ও নিউজউইকের জরিপে দেখা যাচ্ছে ভোটাররা তাদের পছন্দের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি এগিয়ে রেখেছেন ডেমোক্রেটদের। টাইম বলছে মঙ্গলবারের নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডেমোক্রেট দলের সমর্থকরা।
এরপরও ডেমোক্রেটদের ১৯৯৪ সালের পর থেকে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে মোটেও বেগ পেতে হবে না বলেই দেখা হচ্ছে।
এদিকে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হওয়ার পর দেশটিতে নতুন করে রাজনৈতিক সহিংসতা দেখা দিয়েছে। বুশ অবশ্য এই ঘোষণাকে ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছেন। ডেমোক্রেটরা এই রায়কে স্বাগত জানালেও তারা বলছেন ইরাক যুদ্ধ কিংবা মার্কিন কংগ্রেস নির্বাচনের তা কোনো পরিবর্তনের সূচনা করবে না।
হাউসের ৪৩৫টি আসন ছাড়াও ৩৩টি সিনেট ও ৩৬টি গর্ভনর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের প্রয়োজন হবে হাউসের ১৫টি ও সিনেটের ছয়টি আসন।
তবে নিরপেক্ষ অবস্থানে থাকা বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করে বলছেন, ডেমোক্রেটরা হাউসের অন্তত ২০টি এবং সিনেটের তিনটি আসন পাবেন।
