ওর্তেগা এগিয়ে, ওয়াশিংটনে উদ্বেগ
নিকারাগুয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছেন সাবেক মার্ক্সসিস্ট বিপ্লবী ড্যানিয়েল ওর্তেগা।
সোমবার ৭ শতাংশ বুথের ভোট গণনায় ওর্তেগা পেয়েছেন ৪০ শতাংশের বেশি ভোট। শীতল যুদ্ধ কালে আমেরিকার অন্যতম শত্রু বলে চিহ্নিত ওর্তেগার জন্য প্রথম দফা নির্বাচনের জয় নিশ্চিত করতে এই হারে ভোট পাওয়াই যথেষ্ট। তার নিকটতম প্রতিদ্বন্দী, যুক্তরাষ্টেও আশীর্বাদপুষ্ট এদোয়ার্দো মনটিলেগার থেকে তিনি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ওর্তেগার এই এগিয়ে থাকার খবরে উদ্বেগ শুরু হয়েছে ওয়াশিংটনে। মার্কিন কর্মকর্তারা ভোটে অনিয়ম হওয়ার অভিযোগ তুলতে শুরু করেছেন। তবে নিকারাগুয়ার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন হয়েছে অবাধ ও স্বচ্ছ।
ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ হতে শুরু হলে ওর্তেগার সান্দিনিস্তা দলের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। আতশবাজির ফোয়ারা ছুুটিয়ে উৎসবে মেতে ওঠেন তারা। দলের সিনিয়র নেতাদের পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। অনেকে আনন্দে কেঁদে ফেলেন।
নাটকীয়ভাবে ওর্তেগা এই জয়ের ধারায় ফিরলেও দ্বিতীয় দফা ভোটাভুটি হলে তার বিজয়ের সম্ভাবনা খুবই কম। প্রথম দফায় তিনি নিরঙ্কুশ জয় না পেলে শীর্ষ দুই বিজয়ীর মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত তৃতীয় অবস্থানে থাকা, ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হোসে রিজোকে ভোটদানকারীরা
মনটিলেগারের প্রতি ঝুঁকে পড়বেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
রক্ষণশীল মনটিলেগার ভোট পেয়েছেন ৩২.৭ শতাংশ।
বিপ্লবী নেতা ওর্তেগা ১৯৯৭ মার্কিন সমর্থনপুষ্ট একনায়ক আনসতাসিও সামোজাকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এবং সোভিয়েত ইউনিয়ন ও কিউবার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু দেশটি অর্থনৈতিক দুর্দশায় পড়লে ১৯৯০ সালে ভোটাররা তার সান্দিনিস্তা সরকারকে প্রত্যাখ্যান করে।
