ছয়জাতি আলোচনায় জাপানকে চাই না: উ. কোরিয়া
পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়াকে স্বীকৃতি না দেয়ায় জাপানের ব্যাপারে কমিউনিস্ট দেশটি বলেছে, ছয়জাতি পরমাণু আলোচনায় টোকিওর অংশ নেয়া উচিত হবে না।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে, ‘আঞ্চলিক প্রতিনিধি হিসেবে জাপানের এ আলোচনায় অংশ নেয়ার দরকার নেই। কেননা, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের চেয়ে বেশিকিছু নয়। আলোচনার ফলাফলের ব্যাপারে ওয়াশিংটনের মাধ্যমে অবহিত হতে পারাটাই জাপানের জন্য যথেষ্ট।’
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত এই বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম দেশ হিসেবে মেনে না নেওয়ায় এটা প্রমাণিত হয় যে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবনের মতো রাজনৈতিক দূরদর্শিতা তাদের নেই।
এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়া ছয়জাতি আলোচনায় ফিরে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ আলোচনায় উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে।
উত্তর কোরিয়া গত ৯ অক্টোবর প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায় এবং এখন তারা নিজেদের একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম দেশ বলে দাবি করছে।
সত্তর ও আশির দশকে কমপক্ষে ১৩ জন জাপানি নাগরিকের অপহৃত হওয়া নিয়ে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে বিবাদ চলে আসছে। ছয়জাতি আলোচনায় জাপান এ বিষয়টি উত্থাপন করতে চাওয়ায় উত্তর কোরিয়া তাদের সমালোচনা করেছে।
তবে শনিবারেও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নোরিউকি শিকাতা বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম দেশের কাতারে উঠে যাওয়ার মানসিকতায় উত্তর কোরিয়ার ছয়জাতি আলোচনায় ফিরে আসাটা কাম্য নয়।’
