ইরাকে মেরিনসহ চার মার্কিন সৈন্য নিহত
রাস্তায় পেতে রাখা বোমার বিষ্ফোরণে তিন মার্কিন সৈন্য বাগদাদে নিহত হয়েছে। এছাড়া গেরিলা হামলায় এক মেরিন সৈন্য বৃহস্পতিবার নিহত হয়েছে পশ্চিমের আনবার প্রদেশে।
মার্কিন সামরিক বাহিনী শুক্রবার জানায়, বাগদাদে মার্কিন সেনা বাহিনীর একটি যান লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণ ঘটানো হলে তিন সৈন্য নিহত হয়। তবে মেরিন সৈন্যটি কিভাবে নিহত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি।
এর আগে সকালের দিকে মার্কিন বাহিনী জানায়, আরেক সৈন্য নিহত হয় বাগদাদের উত্তরে। তবে তা ইরাকী গেরিলাদের হামলা কিংবা তাদের সঙ্গে যুদ্ধে নয়।
এদিকে ইরাকী বংশোদ্ভূত নিখোঁজ মার্কিন সৈন্যের সন্ধানে সেনা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে বাগদাদে। এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পর দশ দিন আগে তাকে অপহরণ করা হয়।
এছাড়া বাগদাদের রাস্তায় রাস্তায় টহলও জোরদার করে তুলেছে তারা। সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করাই এর উদ্দেশ্য।
প্রায় দু’বছরের মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি, কমপক্ষে ১০৫ মার্কিন সৈন্য নিহত হয়।
