২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলী সৈন্যদের গুলিতে ২ ফিলিস্তিনী নিহত

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানকালে বৃহস্পতিবার ইসরায়েলী সৈন্যরা দুই ফিলিস্তিনীকে হত্যা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তাদের মধ্যে একজন ৭৫ বছরের বৃদ্ধ। গত বছর বসতিস্থাপনকারী ও সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর গাজা উপত্যকায় এটাই সব চেয়ে বড় সামরিক অভিযান।

ইসরায়েলী এই সহিংসতার কারণে ইসরায়েল-ফিলিস্তিনী নড়বড়ে শান্তি আলোচনার ভবিষ্যত আরো অনিশ্চিত হয়ে পড়লো। নির্বাচনে জয় ও মার্চে হামাসের দায়িত্ব নেয়ার পর থেকেই শান্তি আলোচনা নড়বড়ে হয়ে পড়ে। কেননা ইসরায়েলকে ধ্বংস করতে হামাস বদ্ধপরিকর।

বৃদ্ধের আত্মীয়-স্বজন জানান, পঙ্গু সন্তানকে ভেতরে আনার জন্য ব্যালকনিতে গেলে ইসরায়েলী সৈন্যরা আরেকটি ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথায় লাগে। উত্তরাঞ্চলীয় শহর বেইত হানুনে এই ঘটনা ঘটে।

কিন্তু ইসরায়েলী সেনা বাহিনী বলছে, ইসরায়েলী সৈন্যদের টার্গেট শুধুমাত্র ফিলিস্তিনী জঙ্গিরা। সেনা বাহিনীর এক মূখপাত্র জানান, “নিরীহ কোন ফিলিস্তিনীর মারা যাওয়ার ঘটনা আমাদের এই মুহূর্তে জানা নেই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফিলিস্তিনী একজন জঙ্গি। শহরে ইসরায়েলী সৈন্যদের সঙ্গে নতুন করে বন্দুক যুদ্ধ শুরু হলে ওই জঙ্গি নিহত হয়।

আগের দিন বুধবার ট্যাঙ্ক ও জঙ্গি বিমানের সমর্থনপুষ্ট ইসরায়েলী সৈন্যদের সঙ্গে লড়াইয়ে ৯ ফিলিস্তিনী নিহত হয়। এদের মধ্যে কমপক্ষে ৫ জন জঙ্গি। এছাড়া লড়াইয়ে এক ইসরায়েলী সৈন্যও নিহত হয়।