জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান
জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন রোধে জরুরিভিত্তিতে কার্যকর ভূমিকা গ্রহণে ব্রিটেনবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ নিকোলাস স্টার্ন এক প্রতিবেদনে এ আহ্বান জানান।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্ব উষ্ণায়নের ফলে অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
বিপর্যয় রোধে অবিলম্বে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া দরকার বলে তিনি অভিমত প্রকাশ করেন।
ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হচ্ছে যা আগামী শতাব্দীতে ভয়াবহ পরিণাম ডেকে আনবে। এর মধ্যে যেসব পরিবর্তন তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব ফেলবে সেগুলো হচ্ছে, প্রবল বন্যা, খরা বা অনাবৃষ্টি ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি।
ধারণা করা হয়, বিশ্ব উষ্ণায়নের ফলে আগামী শতকে পৃথিবীর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আর এর ফলে প্রায় বিশ কোটি মানুষ হারাবে তাদের বাসস্থান, হয়ে পড়বে গৃহহীন, উদ্বাস্তু।
তবে স্টার্ন ওই প্রতিবেদনের বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধে এখুনি যদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় তাহলেই কেবল পরিবেশগত ভয়াবহ বিপর্যয় থেকে পৃথিবীবাসীকে রক্ষা করা যাবে। আর না হলে শিকার হতে হবে এসব বিপর্যয়ের।
স্টার্নের ৫৮০ পৃষ্ঠার প্রতিবেদন প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, ‘আমরা মনে করি, জরুরিভিত্তিক ও কার্যকর পদক্ষেপ পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ পরিণতি থেকে আমাদের রক্ষা করবে। আর এসব পদক্ষেপের পেছনে আমরা যে শ্রম ও অর্থ দেবো তা সুফল বয়ে আনার পাশাপাশি বহুগুণে ফিরে আসবে আমাদেরই কাছে।’
উল্লেখ্য, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এখনও কিয়েটো প্রোটোকলে স্বাক্ষরে সম্মত হয়নি। অথচ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ি গ্রীনহাউজ গ্যাস সবচেয়ে বেশিমাত্রায় নির্গত করে উন্নত বিশ্বের এসব দেশ।
