তামিল বিদ্রোহীদের হামলায় শ্রীলঙ্কার ১ সেনা নিহত
সন্দেহভাজন তামিল বিদ্রোহীরা শ্রীলঙ্কার উত্তরে সেনাবাহিনীর একটি ট্রাকে হামলা চালিয়ে এক সেনাকে হত্যা ও তিনজনকে আহত করেছে।
সেনাবাহিনী সূত্রে একথা জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ‘ট্রাকটি ছুটিতে যাওয়া সেনাদের নিয়ে উত্তরাঞ্চলীয় বাবুনিয়া জেলায় যাচ্ছিল। তামিল বিদ্রোহীরা একটি ক্লেমর মাইনের বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই এক সেনা মারা যান।’
উল্লেখ্য, রোববার জেনেভায় সরকার ও বিদ্যোহী পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যায়। দুই পক্ষ আলাদা আলাদাভাবে নরওয়ের মধ্যস্থতাকারীর সাথে আলোচনায় বসেও ভবিষতে শান্তি আলোচনা হবে কিনা তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি।
বিশ্লেষক, কূটনীতিক ও ওই এলাকার অধিবাসীরা বলছেন এ অবস্থায় ২০০২ সালে অস্ত্রবিরতি চুক্তি পুরোপুরি ভেঙ্গে পড়তে পারে। এর ফলে দেশটিতে চলমান গৃহযুদ্ধ আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
