২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক মানুষের মৃত্যু আফগানদের ন্যাটো বিরোধিতার কারণ: হিউম্যান রাইটস ওয়াচ

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ আফগানিস্তানে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা হ্রাসে ন্যাটো বাহিনীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সোমবার একটি প্রতিবেদনে সংগঠনটি অভিযোগ করে ‘বেসামরিক মানুষের মৃত্যুর কারণে স্থানীয় আফগানরা পশ্চিমা জোট বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে’।

পাঁচ বছর আগে আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী অভিযান শুরুর পর ন্যাটো ও তালেবানদের মধ্যকার সংঘর্ষ এ বছরই সবচেয়ে রক্তক্ষয়ী রূপ নেয়।

গত সপ্তাহে কান্দাহার প্রদেশে ন্যাটো বাহিনীর অভিযানে ৬০ জন বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা আফগান কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। ওই এলাকাটি তালেবানদের ঘাঁটি হিসেবে বিবেচিত।

স্থানীয় নেতা ও গ্রামবাসীরা জানান, ন্যাটোর কয়েক ঘণ্টা বোমাবর্ষণে আরও অনেক মানুষ ও ২৫টি বাড়ি ধ্বংস হয়ে যায়।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষণা বিভাগের পরিচালক স্যাম জারিফি বলেন, ন্যাটোর যুদ্ধকৌশল বেসামরিক মানুষকে ক্রমবর্ধমান হারে হুমকিগ্রস্ত করছে। এর ফলে তারা ন্যাটোবিরোধী হয়ে উঠছে।

ওই প্রাণহানীর জন্য ন্যাটো প্রধান যুক্তরাষ্ট্রের মেরিন জেনারেল জেমস জোনস গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষমা চান।

তবে ন্যাটো অভিযোগ করে, লড়াইয়ের সময় তালেবানরা গ্রামবাসীদের মানববর্ম হিসেবে ব্যবহার করছিল।