২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের নির্বাচনে লূলার নিরঙ্কুশ জয়

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

লুলার বামপন্থী দল ওয়ার্কাস পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ কেলেংকারীর অভিযোগ উঠলেও তার জনপ্রিয়তা যে এতোটুকু কমেনি রোববারের এই নির্বাচনে তাই প্রমাণিত হলো।

নির্বাচনের দ্বিতীয় পর্বে লুলা ৬১ শতাংশ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেরাল্ডো আল্কমিনের চেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন।

মধ্যপন্থী ব্রাজিলিয়ান সোশ্যাল ডেমোক্রেসি পার্টির আল্কমিন পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর দেওয়া বিজয় ভাষণে লুলা বলেন, দরিদ্র জনগণের অবস্থা উন্নয়নে তার সরকার কাজ করে যাবে।

ব্রাজিলের দরিদ্র, ভাগ্য বিড়ম্বিত মানুষ ভোট দিয়ে তাকে আবারও ক্ষমতায় এনেছেন, সেকথা আন্তরিকভাবে স্বীকার করেন তিনি।

ব্রাজিলের প্রতিটি সাধারণ নাগরিকের কল্যাণ, উন্নয়ন ও নিরাপত্তা বিধান তার কাজ হলেও দরিদ্র জনগণের উন্নয়ন তার কাছে বেশি প্রাধান্য পাবে বলে লুলা জানান।

লুলার বিজয়ে উল্লসিত সমর্থকরা সাও পাওলোর আভেনিদা পলিস্তা শহরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা নিয়ে আনন্দ মিছিল করে।