সমঝোতা ছাড়াই শ্রীলংকা সরকার ও তামিল টাইগারদের আলোচনা শেষ
রাজনৈতিক ও মানবিক বিষয়ে কোন সমঝোতা ছাড়াই রোববার শেষ হয়েছে শ্রীলংকা সরকার ও তামিল টাইগারদের শান্তি আলোচনা। ভবিষ্যত আলোচনার দিনক্ষন নিয়েও কোন মতৈক্য হয়নি।
লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) প্রধান আলোচক এস পি থামিলশেলভেন জানান, তামিল অধ্যূসিত জাফনাগামী প্রধান মহাসড়কটি সরকার চলাচলের জন্য খুলে দিতে রাজি না হওয়া পর্যন্ত তারা আর কোন আলেচনায় অংশ নেবে না।
দুই দিনের আলোচনা শেষে জেনেভায় এক সংবাদ সম্মেলনে সরকারি প্রতিনিধি দলের প্রধান নিমল সিরিপলা বলেন, ভবিষ্যতে আলোচনায় বসার জন্য তামিল বিদ্রোহীদের শর্ত আরোপ করাটা খুবই দুঃখজনক।
জাফনাগামী প্রধান মহাসড়কটি আগষ্টে বন্ধ করে দেয়ায় দেশের অবশিষ্ট অংশ থেকে জাফনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেড়ে গেছে স্থানীয় অধিবাসীদের দুঃখ-কষ্ট।
যদিও বিমান ও জাহাজে করে জাফনায় প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে তারপরও তামিল রাজনীতিক, সুশীল সমাজ ও কিছু অধিবাসী বলছেন, মহাসড়কটি বন্ধ করে দেয়ায় জাফনায় মারাত্মক খাদ্য ও জ্বালানী ঘাটতি দেখা দিয়েছে।
