আলোচনা চালিয়ে যেতে পারে শ্রীলংকা সরকার ও তামিল টাইগাররা
শ্রীলংকা সরকার ও তামিল টাইগারদের শান্তি আলোচনা রোববার উল্লেখযোগ্য কোন অগ্রগতি ছাড়াই শেষ হবে বলে ধারনা করা হচ্ছে। তবে কয়েক দশকের সংঘাত নিরসনে তারা আরো আলোচনায় বসার প্রতিশ্র“তি ব্যক্ত করতে পারে।
দুই কোট মানুষ অধ্যূসিত দ্বীপরাষ্ট্রটিতে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত আট মাসের মধ্যে এই প্রথম উভয় পক্ষ জেনেভায় মুখোমুখি বৈঠকে মিলিত হয়। কিন্তু শনিবার প্রথম দফার বৈঠকে সহিংসতা বেড়ে যাওয়ার জন্য বিদ্রোহী ও সরকার, উভয় পক্ষ পরস্পরকে দায়ী করে। গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির কোন লক্ষণ নেই ।
লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) প্রধান আলোচক এস পি থামিলশেলভেন জানান, আলোচনায় উল্লেখযোগ্য কোন অগ্রগতি অর্জিত হয়নি। তবে রোববার তারা আবার আলোচনার টেবিলে ফিরে আসবেন বলে তিনি জানান।
আর সাস্থ্যমন্ত্রী নিমল সিরিপলা ডি সিলভার নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধি দলের কোন সদস্য এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। রোববার আলোচনা শেষে একটি সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে তামিল টাইগাররা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, তামিল অধ্যূসিত জাফনাগামী প্রধান মহাসড়কটি সরকার চলাচলের জন্য খুলে দিতে রাজি না হলে ভবিষ্যতে তারা কোন আলোচনায় বসবে না। আগষ্টে এই সড়কটি বন্ধ করে দেয়ায় দেশের অবশিষ্ট অংশ থেকে জাফনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেড়ে গেছে স্থানীয় অধিবাসীদের দুঃখ-কষ্ট।
যদিও বিমান ও জাহাজে করে জাফনায় প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে তারপরও তামিল রাজনীতিক, সুশীল সমাজ ও কিছু অধিবাসী বলছেন, মহাসড়কটি বন্ধ করে দেয়ায় জাফনায় মারাত্মক খাদ্য ও জ্বালানী ঘাটতি দেখা দিয়েছে।
মহাসড়কটি খুলে দেয়া নিয়ে সরকারি পক্ষ আলোচনায় রাজি কিনা শনিবার তা জানাতে তারা অস্বীকার করে। সরকার বলে আসছে যে তামিল গেরিলাদের গোলন্দাজ হামলার কারণে মহাসড়কটি খুলে দেয়া মোটেও নিরাপদ নয়।
