কাবুলের সাথে কোনো শান্তি আলোচনা নয়: মোল্লা ওমর
পলাতক তালেবান নেতা মোল্লা ওমর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
তালেবানদের এক মুখপাত্র তায়েব আঘা শনিবার গোপন অবস্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে একথা জানান।
মোল্লা ওমর কারজাইয়ের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ এনে তাকে হত্যারও হুমকি দেন।
তায়েব বলেন, বিশ্বের সব বিধর্মী লোকেরা আফগানিস্তানে জমায়েত হয়েছে। তারা দেশটিকে দখল করে আফগানদের জিম্মি করে রেখেছে। বিদেশি দখলদার বাহিনীর উপস্থিতিতে আফগানিস্তানের পুতুল সরকারের সাথে কোনো ধরনের আলোচনা হতে পারে না। মুজাহেদিনরা অস্ত্রও ছাড়বে না।’
তিনি আরও বলেন, ‘কারজাই বুঝতে পারছেন যে তালেবানরা শেষপর্যন্ত ন্যাটো ও মার্কিন বাহিনীকে পরাজিত করবে। তাই তিনি গা বাঁচাতে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।’
