মিশর সীমান্তে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল
ফিলিস্তিন ভূ--খণ্ডে অস্ত্র চোরাচালান রোধে মিশর ও গাজা উপত্যাকার মধ্যবর্তী এলাকায় স্থাপিত সুরঙ্গ ধ্বংস করতে ইসরায়েল শিগগিরই ‘স্মার্ট’ বোমা ব্যবহার করতে পারে।
ইসরায়েলি পত্রিকা মারিভে শুক্রবার এ খবর প্রকাশিত হয়।
মারিভ জানায়, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বোমা ব্যবহার করে অপ্রশস্ত সীমান্তে স্থাপিত সুরঙ্গ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এসব বোমা মাটির অনেক গভীরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
মিশর ও গাজা উপত্যাকার মধ্যবর্তী এগার কিমি দীর্ঘ ও প্রায় ১০০ মিটার প্রশস্ত ওই সীমান্ত ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।
এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে সেনাপ্রধান যেসব বিষয় নিয়ে আলোচনা করেন তা বাইরে প্রকাশ করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে মিশরীয় কর্মকর্তাদেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
