২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সম্পর্কিত জাতিসংঘের নতুন খসড়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়: রাশিয়া

রানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে জাতিসংঘে ইউরোপীয় দেশগুলোর উত্থাপিত নতুন খসড়া প্রস্তাব তেহরানের সাথে আলোচনার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ইউরোপীয় দেশগুলোর লেখা ওই খসড়া প্রস্তাবে ইরানের সাথে অধিকাংশ পরমাণু ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সহযোগিতা বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে ইরানের সহযোগিতার বিষয়টি শুধুমাত্র ‘চিকিৎসা অথবা ত্রাণ সাহায্যের’ মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।    

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার ল্যাভরভকে উদ্ধৃত করে জানায়, ছয় জাতি আলোচনার লক্ষ্য ছিল ইরানকে স্পর্শকাতর প্রযুক্তির অধিকারী হওয়ার ঝুঁকি দূর করার পাশাপাশি আইএইএর তত্ত্বাবধানে দেশটির পরমাণু সংকট মোকাবেলা এবং দেশটির সাথে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো ব্যবহার করা।

কাজেই ওই খসড়া প্রস্তাব ছয়--জাতি আলোচনার সাথে সুস্পষ্টভাবেই সঙ্গতিহীন বলে ল্যাভরভ মন্তব্য করেন।

বৃহস্পতিবারই ওই প্রস্তাব নিয়ে ছয়--জাতি আলোচনার কথা রয়েছে।